ভিসা আবেদন নিয়ে নতুন আপডেট! বদলে যাচ্ছে কলকাতা ও শিলিগুড়ির কেন্দ্র, কী জানাল উপ-হাইকমিশন?

আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে পরিচালিত বাংলাদেশের বর্তমান দুটি ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ হতে চলেছে। সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর DU Digital Global Limited-এর সঙ্গে বাংলাদেশ সরকারের ভিসা পরিষেবা পরিচালনার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। নতুন করে এই চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এর ফলে ডিসেম্বরের প্রথম দিন থেকেই ওই সংস্থার মাধ্যমে আর ভিসার আবেদন গ্রহণ করা হবে না।
বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গিয়েছে, বর্তমান সংস্থার জায়গায় নতুন একটি সংস্থাকে ভিসা পরিষেবা পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তবে নতুন সংস্থার নাম কী হবে এবং নতুন আবেদন কেন্দ্রগুলি কোথায় স্থাপন করা হবে, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি। পরবর্তী সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে বলে সূত্রের খবর।
তবে কেন্দ্র পরিবর্তনের এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে বাংলাদেশে যাওয়ার ভিসা পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে। মূলত ভিসার আবেদন গ্রহণের পরিকাঠামো এবং পরিচালনাকারী সংস্থার রদবদল ঘটতে চলেছে। নতুন ভিসা কেন্দ্র কবে থেকে পুরোদমে চালু হবে, সে বিষয়েও এখনও স্পষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
জানা গিয়েছে, চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যাঁরা বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের আপাতত পরবর্তী নির্দেশিকার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন সংস্থা এবং আবেদন কেন্দ্রের ঠিকানা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পরই আবেদন প্রক্রিয়া ও সময়সূচি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।