ব্যাঙ্ক অব বরোদায় ৮৩৭ শূন্যপদ! যোগ্যতা ও বয়সসীমা দেখে নিন একনজরে

ব্যাঙ্কিং সেক্টরে কেরিয়ার গড়তে আগ্রহী প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল ব্যাঙ্ক অব বরোদা। গ্রুপ হেড, হেড অব ইনভেস্টমেন্ট, টেরিটরি হেড, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার এবং সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার-সহ একাধিক পদে মোট ৮৩৭টি শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। আগে আবেদনের শেষ তারিখ ছিল ২৪ নভেম্বর, ২০২৬। তবে সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৭ ডিসেম্বর, ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মোট ৮৩৭টি পদের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ৭৯১টি শূন্যপদ রয়েছে সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে। এই নিয়োগ চুক্তির ভিত্তিতে সম্পন্ন হবে।

কোন পদের কী যোগ্যতা ও বয়সসীমা?

পদভেদে শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং বয়সসীমা নির্ধারণ করা হয়েছে:

  • গ্রুপ হেড: অন্তত ১২ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে রিলেশনশিপ ম্যানেজারদের দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ন্যূনতম ৫ বছর হতে হবে। ম্যানেজমেন্ট ডিগ্রি বা ডিপ্লোমা, এমবিএ, সিএফপি বা সিএফএ যোগ্যতা থাকলে অগ্রাধিকার মিলবে। নির্ধারিত NISM এবং IRDA সার্টিফিকেশন আবশ্যক। বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত।

  • হেড অব ইনভেস্টমেন্ট: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা এবং অন্তত ৫ বছর ঊর্ধ্বতন নেতৃত্বের পদে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। NISM সার্টিফিকেশন জরুরি। বয়সসীমা ৩৫ থেকে ৫০ বছর।

  • টেরিটরি হেড: ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বা পোর্টফোলিও ম্যানেজমেন্টে ন্যূনতম ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রাসঙ্গিক সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা ২৮ থেকে ৪২ বছর।

  • ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ম্যানেজার: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক, যার মধ্যে ওয়েলথ ম্যানেজমেন্ট ইনভেস্টর কাউন্সেলর হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নির্ধারিত NISM সার্টিফিকেশন বাধ্যতামূলক। বয়সসীমা ২৬ থেকে ৪৫ বছর।

  • সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: স্নাতক ডিগ্রির পাশাপাশি ওয়েলথ ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি বা পোর্টফোলিও ম্যানেজমেন্টে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। NISM বা IRDA সার্টিফিকেশন থাকা জরুরি। বয়সসীমা ২৪ থেকে ৩৫ বছর।

বেতন ও নিয়োগ প্রক্রিয়া

ব্যাঙ্ক অব বরোদার পক্ষ থেকে নির্দিষ্ট বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। প্রার্থীর বয়স, অভিজ্ঞতা, পদের উপযুক্ততা, আগের বেতন এবং বাজারদরের ওপর ভিত্তি করে বেতন নির্ধারিত হবে।

প্রাথমিকভাবে ৫ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। নিয়োগ প্রক্রিয়ায় অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক বা অন্য কোনও পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হতে পারে।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী প্রার্থীদের ব্যাঙ্ক অব বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.bank.in-এ যেতে হবে। সেখানে ক্যারিয়ার বিভাগে গিয়ে ‘কারেন্ট অপরচুনিটিজ’ এবং তারপর ওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিসেস রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন সেরে ব্যক্তিগত, শিক্ষাগত ও অভিজ্ঞতার তথ্য পূরণ করতে হবে। ছবি, স্বাক্ষর ও প্রয়োজনীয় নথি আপলোড করে বিভাগ অনুযায়ী আবেদন ফি জমা দিতে হবে এবং পেমেন্ট রসিদ সংরক্ষণ করে রাখতে হবে।