‘অভিষেকের হুইপ মানতে বাধ্য নই’, ২৫ ডিসেম্বরের অপেক্ষায় সুদীপ বন্দ্যোপাধ্যায়

হুইপ জারি নিয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর পাল্টা জবাব দিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অভিষেকের হুইপ মানতে তাঁরা বাধ্য নন। সুদীপের দাবি, তৃণমূলের নাম ও প্রতীক নির্বাচন কমিশন ফ্রিজ করেছে এবং মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে সাসপেনডেড থাকায় জারি হওয়া হুইপের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও জানান, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন কমিশন নির্ধারণ করবে কোনটি আসল তৃণমূল কংগ্রেস, ফলে বর্তমান হুইপ তাঁরা গ্রাহ্যের মধ্যেই আনছেন না এবং অগ্রাহ্য করার নির্দেশ রয়েছে; যদিও তাঁর কাছে এখনও কোনও হুইপ পৌঁছায়নি।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে প্রায় ৪০ মিনিট বৈঠক করেন এনসিপিআই (NCPI)-এর দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ওই সাক্ষাতে সংবিধান সংশোধনী বিলের সমর্থন এবং এনসিপিআই-এর পৃথক সংসদীয় দলের স্বীকৃতি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সুদীপদের অভয় দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
অন্যদিকে, শনিবার সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেছিলেন যে সংবিধানের দশম তফসিল বা ‘টেন শিডিউল’ খতিয়ে দেখা উচিত এবং হুইপ না মানলে এক মাসের মধ্যে লোকসভার সদস্যপদ বাতিল হতে পারে, এমনকী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের চেয়েও খারাপ পরিণতির হুঁশিয়ারিও দেন তিনি। পাশাপাশি বিধায়ক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, তাঁরা তৃণমূলের নাম ও প্রতীকে জিতে সাংসদ হয়েছেন এবং লোকসভার ওয়েবসাইটে এখনও তৃণমূল কংগ্রেসের নাম রয়েছে, স্পিকার এখনও এনসিপিআই-কে স্বীকৃতি দেননি—তাই এই হুইপ না মানলে কোন হুইপ মানা হবে।