বাংলার সড়কে ১ লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প! কলকাতা রিং রোডেও বড় বরাদ্দ গড়করির

পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে ১ লক্ষ কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক অনুষ্ঠানে এই বড় ঘোষণার পাশাপাশি তিনি জানান, রাজ্যে ইতিমধ্যেই প্রায় ৩৫ হাজার কোটি টাকার সড়ক ও সেতু প্রকল্পের কাজ চলছে।
অনুষ্ঠান থেকে কলকাতার যানজট কমাতে রিং রোড প্রকল্পের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও জানান গড়করি। প্রস্তাবিত এই রিং রোড কলকাতা ও সংলগ্ন এলাকার যোগাযোগ সহজ করার পাশাপাশি শহরকেন্দ্রিক যানবাহনের চাপ কমাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি রাজ্যে একাধিক নতুন প্রকল্পের সূচনা ও অনুমোদনের বার্তাও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
কেন্দ্রীয় মন্ত্রীর সফরের আগে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ গড়করিকে ‘বিশ্বকর্মা’ আখ্যা দিয়ে বলেন, অতীতে জমি জট ও প্রয়োজনীয় সহযোগিতার অভাবে অনেক প্রকল্পের কাজ আটকে থাকলেও বর্তমানে কাজের গতি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। তাঁর বক্তব্যে ফারাক্কায় গঙ্গার ওপর দ্বিতীয় সেতু, খড়গপুর-মোরগ্রাম গ্রিনফিল্ড সড়ক এবং কংসাবতীর ওপর দ্বিতীয় সেতুর (অনুমোদিত ৩০৪ কোটি টাকা) প্রসঙ্গও উঠে আসে।
কোলাঘাটের সভায় ‘ডবল ইঞ্জিন’ সরকারের সমন্বয়ের ওপর জোর দেন নীতিন গড়করি এবং রাজ্যের উন্নয়নে তহবিলের অভাব হবে না বলে আশ্বাস দেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণাগুলিকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ এগিয়ে নিতে জমি অধিগ্রহণ ও প্রশাসনিক ছাড়পত্রের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এখন প্রকল্পগুলির নির্দিষ্ট রূপরেখা ও বাস্তবায়নের গতির দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।