২৬/১১-র স্মৃতির দিনেই মুম্বইতে বোমা আতঙ্ক, নিশানায় অমিতাভের ‘জলসা’ ও দিলজিতের শো!

মুম্বইয়ে ২৬/১১ জঙ্গি হামলার ১৮তম বার্ষিকীতে নতুন করে বোমা হামলার হুমকির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার এই হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিশানায় রাখা হয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বাংলো ‘জলসা’, বৃহন্মুম্বই পুরনিগমের মেয়রের দফতর, মুম্বই মেট্রো এবং গায়ক দিলজিৎ দোসাঁঝের আসন্ন কনসার্ট।

জানা গেছে, ইমেলটি মুম্বইয়ের মেয়র ঋতু তাওড়ে এবং বিএমসি কমিশনার অশ্বিনী ভিড়েকে উদ্দেশ করে পাঠানো হয়েছিল। আগামী ২৭ নভেম্বর ২০২৬ মুম্বইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঁঝের কনসার্ট হওয়ার কথা রয়েছে। প্রেরক ওই কনসার্ট আয়োজনের বিরোধিতা করে টানা ৩০ দিন ধরে গ্রেনেড হামলার হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি মেট্রো স্টেশন ও অন্যান্য জনবহুল এলাকায় বিস্ফোরণের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

খবর অনুযায়ী, ওই হুমকি ইমেলে খালিস্তান, ১৯৮৪ সালের শিখ-বিরোধী হিংসা, বব্বর খালসা (পারমার-কানাডা) এবং খালিস্তান ন্যাশনাল আর্মির প্রসঙ্গ উঠে এসেছে। নিরাপত্তা সংস্থা ও পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে এবং শহরে সতর্কতা জোরদার করা হয়েছে।

দিলজিৎ দোসাঁঝের অনুষ্ঠান ঘিরে হুমকি ইমেলের ঘটনা অবশ্য এটাই প্রথম নয়। এর আগে বেঙ্গালুরুতে তাঁর কনসার্টের আগেও আইইডি বিস্ফোরণের হুমকি দিয়ে ইমেল এসেছিল বলে জানা গেছে। মুম্বইয়ের অনুষ্ঠানের ঠিক দু’দিন পর, ২৯ নভেম্বর মাডাভারার নাইস গ্রাউন্ডে বেঙ্গালুরুর কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরপর দুটি শহরে অনুষ্ঠান ঘিরে এমন হুমকিতে আয়োজক ও দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, তবে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।