বাংলাদেশে হাসিনার ফেরা ঘিরে তুঙ্গে জল্পনা, সংখ্যালঘু ও জলচুক্তি নিয়েও সরব ভারত

আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রত্যাবর্তন জল্পনা ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিজেদের কূটনৈতিক অবস্থান স্পষ্ট করল ভারত। বাংলাদেশের অভিযোগ খারিজ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হাসিনা নিজের ইচ্ছেয় দেশে ফিরতে চাইছেন এবং এর সঙ্গে ভারতের কোনও যোগসূত্র নেই।

দোষারোপ ও প্রত্যর্পণ প্রসঙ্গে দিল্লির বক্তব্য

সাংবাদিক বৈঠকে হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল জানান, এটি শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়; এ নিয়ে তাঁর আর কিছু বলার নেই। পাশাপাশি তিনি স্পষ্ট করেন যে, কোনও নাগরিক ভ্রমণের নথি নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চাইলে তা প্রত্যর্পণের আবেদনের থেকে সম্পূর্ণ আলাদা বিষয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বর মাসে ২০২৪ সালের আন্দোলন দমনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আদালত তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। হাসিনা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। অন্যদিকে, তাঁকে ফেরাতে ঢাকার করা প্রত্যর্পণের আবেদন প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি। এর আগে দেশে ফেরার প্রক্রিয়াগত কাজের জন্য হাসিনার আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছিলেন বলে জানা গেছে।

সংখ্যালঘুদের নিরাপত্তা ও গঙ্গার জলচুক্তি

হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনায় ভারত উদ্বিগ্ন। এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে কেন্দ্র।

এ ছাড়া আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে চলা গঙ্গার জলবণ্টন চুক্তি প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, গঙ্গা-সহ আন্তঃসীমান্ত নদীগুলির বিষয়ে আলোচনার জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত ব্যবস্থা রয়েছে।