বন্দে ভারত স্লিপার বনাম প্রথাগত ফার্স্ট এসি, কোন কোচে আরাম বেশি? ভাইরাল তুলনা

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে ভারতীয় রেলের ছবি। উন্নত প্রযুক্তির নতুন ট্রেন যুক্ত হওয়ার পাশাপাশি যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধাও ক্রমশ বাড়ছে। দীর্ঘ সফরে আরাম এবং গোপনীয়তা চাইলে যাত্রীদের কাছে প্রথাগত ফার্স্ট এসি কোচ বরাবরই জনপ্রিয়। অন্যদিকে, বন্দে ভারত স্লিপার ট্রেনের ফার্স্ট এসি কোচ কতটা আলাদা ও আধুনিক, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে প্রথাগত ফার্স্ট এসি এবং বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসি কোচের মধ্যে তুলনা তুলে ধরা হয়েছে।
ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর অখিলেশ্বর সিং ইনস্টাগ্রামে ওই ভিডিওটি শেয়ার করেছেন। সেখানে অন্দরসজ্জা, শোয়ার ব্যবস্থা, দরজা, শৌচাগার এবং চার্জিং ব্যবস্থার মতো খুঁটিনাটি বিষয়ে দুই কোচের ফারাক দেখানো হয়েছে।
অন্দরসজ্জা ও বার্থের আরাম
ভিডিওতে দেখা যায়, প্রথাগত ফার্স্ট এসি কোচে চিরাচরিত বা ক্লাসিক ছাঁদের সাজসজ্জা রয়েছে, যেখানে বন্দে ভারত স্লিপারের ভেতরের পরিবেশ বেশ আধুনিক ও প্রিমিয়াম ধাঁচের। বার্থ বা শোয়ার জায়গার ক্ষেত্রেও তফাত চোখে পড়ে। প্রচলিত কোচে আরামদায়ক বার্থ থাকলেও বন্দে ভারত স্লিপারের গদি বা কুশনিং অনেক বেশি নরম ও উন্নত বলে দেখিয়েছেন তিনি, এমনকি বার্থ চেপে সেটির নরম ভাবও তুলে ধরেন ভিডিওতে।
দরজা ও শৌচাগারের সুবিধা
দুই কোচের প্রবেশপথেও রয়েছে স্পষ্ট পার্থক্য। প্রথাগত ফার্স্ট এসি কোচে হাতে ঠেলে বা টেনে দরজা খুলতে ও বন্ধ করতে হয়, কিন্তু বন্দে ভারত স্লিপার কোচে রয়েছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, যা স্পর্শ করলেই খুলে যায়। শৌচাগারের ক্ষেত্রে প্রচলিত ফার্স্ট এসিতে স্নানের সুবিধা থাকলেও বন্দে ভারত স্লিপারে গরম জলে স্নানের সুবিধার পাশাপাশি ভ্যাকুয়াম-ভিত্তিক শৌচাগারের ব্যবস্থা রয়েছে।
চার্জিং ও অন্যান্য সুবিধা
যাত্রাপথে ডিভাইস চার্জ করার ক্ষেত্রেও নতুনত্ব এসেছে। প্রথাগত কোচে সাধারণ চার্জিং পয়েন্ট থাকলেও বন্দে ভারত স্লিপার কোচে রিডিং লাইট, থ্রি-পিন সকেট, একটি ইউএসবি-এ পোর্ট এবং একটি ইউএসবি-সি পোর্টের ব্যবস্থা রয়েছে বলে ভিডিওতে তুলে ধরা হয়েছে।