বদলাচ্ছে ভিভিআইপি নিরাপত্তা কৌশল! আধুনিক প্রযুক্তিতে শান দিতে মাঠে নামছে রাজ্য পুলিশ

ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থায় এবার আরও বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ। কেবল নিরাপত্তার বহর বাড়ানোই নয়, পুরো ব্যবস্থাটিকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং কার্যকর করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সে কারণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে রাজ্য পুলিশ। সূত্রের খবর, এসপিজি (স্পেশাল প্রোটেকশন গ্রুপ), সিআরপিএফ এবং সিআইএসএফের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য পুলিশ সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীসহ রাজ্যের ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের একাধিক দলে ভাগ করে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে। এসপিজির তত্ত্বাবধানে এক মাস ধরে বিশেষ ট্রেনিং নেবেন তাঁরা। পুলিশকর্মীদের দল গঠন করে প্রশিক্ষণে পাঠানোর প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজির রয়েছে দক্ষ নিরাপত্তা ব্যবস্থাপনা, সম্ভাব্য বিপদের আগাম মূল্যায়ন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিশেষ অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছে রাজ্য পুলিশ। ভিআইপি ও ভিভিআইপিদের সুরক্ষায় আর কী কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সিআরপিএফ ও সিআইএসএফের কাছ থেকেও প্রশিক্ষণ
এসপিজির পাশাপাশি সিআরপিএফের কাছ থেকেও বিশেষ প্রশিক্ষণ নেবেন রাজ্য পুলিশের কর্মীরা। জনবহুল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, ভিড় নিয়ন্ত্রণ, আকস্মিক বিপদ মোকাবিলা এবং জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থাপনার মতো বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে, আধুনিক নিরাপত্তা ব্যবস্থাপনা এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ রয়েছে সিআইএসএফের পক্ষ থেকেও।

নিরাপত্তার কৌশলের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারেও পুলিশকর্মীদের আরও দক্ষ করে তুলতে চাইছে রাজ্য। আধুনিক নজরদারি ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম পরিচালনার দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তবে প্রশিক্ষণের বিস্তারিত পাঠ্যক্রম এখনও স্পষ্ট করা হয়নি।

বদলে যাওয়া প্রেক্ষাপটে নতুন উদ্যোগ
সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে নিরাপত্তার চ্যালেঞ্জ। রাজনৈতিক কর্মসূচি থেকে শুরু করে প্রশাসনিক সভা কিংবা বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ভিআইপিদের উপস্থিতির সময় নিরাপত্তা সুনিশ্চিত করা রাজ্য পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই দায়িত্ব আরও নিখুঁতভাবে পালনের জন্যই পুলিশকর্মীদের দক্ষতা বাড়ানোর এই পদক্ষেপ।

সূত্রের খবর, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই প্রেক্ষাপটেই ভিআইপি ও ভিভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে সাজানো হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি এবং বিশেষ প্রশিক্ষণের সমন্বয়ে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।