‘বাল্যবিবাহ মুক্ত বাংলা’ গড়তে রাজ্য সরকারের অভিনব উদ্যোগ! স্কুলে স্কুলে জারি বিশেষ নির্দেশ

বাল্যবিবাহ রুখতে এবার রাজ্যের প্রতিটি স্কুলে অভিনব উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ‘বাল্যবিবাহ মুক্ত বাংলা’ গড়ার লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর রাজ্যজুড়ে স্কুলগুলোতে বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ওই দিন সমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং সরকার পোষিত স্কুলে বিশেষ সমাবেশের আয়োজন করতে হবে।

সূত্রের খবর, ওই সমাবেশে বাল্যবিবাহ ও জোর করে বিয়ে দেওয়ার বিরুদ্ধে একসঙ্গে শপথ নেবেন পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। প্রশাসনের লক্ষ্য, ছোট থেকেই পড়ুয়াদের মধ্যে সচেতনতা তৈরি করা, যাতে তারা নিজেরাই বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। কেন্দ্রীয় সরকারের ‘বাল বিবাহ মুক্ত ভারত’ অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই বাংলা ও ইংরেজি ভাষায় শপথবাক্য স্কুলগুলোতে পাঠানো হয়েছে। পাশাপাশি স্কুল প্রাঙ্গণে সচেতনতামূলক পোস্টার প্রদর্শন এবং কর্মসূচির ছবি ও রিপোর্ট জেলাশাসকের দফতরে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।

বিয়ের মরশুমে ১০০ দিনের বিশেষ প্রচার
বিয়ের মরশুমে বাল্যবিবাহের প্রবণতা রুখতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর পাশাপাশি রাজ্যজুড়ে ১০০ দিনের বিশেষ প্রচার কর্মসূচি চালানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে রাজ্যের প্রস্তাবে কেন্দ্রীয় সরকারও সম্মতি দিয়েছে।

অক্টোবরের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিয়ের মরশুমকে সামনে রেখে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর এই উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের প্রতিটি ব্লকে সচেতনতামূলক প্রচার চালানো হবে। বাল্যবিবাহ যে আইনত দণ্ডনীয় অপরাধ এবং আইন ভাঙলে কী ধরনের শাস্তি হতে পারে, সে বিষয়ে সাধারণ মানুষকে জানানো হবে। একইসঙ্গে ১৮ বছর বয়সের আগে মেয়েদের বিয়ে হলে তাঁদের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে, তা তুলে ধরে মানুষকে সচেতন করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।