বছরে ১৩ মাস ও ২০১৯ সাল! বাকি বিশ্বের থেকে কীভাবে আলাদা ইথিওপিয়ার ক্যালেন্ডার ও সময়?

আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আলাদা নিয়ম মেনে চলে, বিশেষ করে এখানকার ক্যালেন্ডার ও সময় গণনা ব্যবস্থা। বিশ্বের অধিকাংশ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করলেও ইথিওপিয়া এখনও প্রাচীন গিজ (Ge’ez) ক্যালেন্ডার মেনে চলে। এই ক্যালেন্ডার অনুযায়ী ইথিওপিয়া বাকি বিশ্বের থেকে প্রায় সাত থেকে আট বছর পিছিয়ে রয়েছে; বিশ্বে ২০২৬ সাল চললেও সেখানে চলছে ২০১৯ সাল। যিশু খ্রিস্টের জন্মের বছর গণনার তফাতের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে।
ইথিওপিয়ার ক্যালেন্ডারে ১২ মাসের বদলে মোট ১৩ মাস থাকে। প্রথম ১২টি মাসের প্রতিটি ৩০ দিনের এবং ত্রয়োদশ মাসটি ‘পাগুমে’ নামে পরিচিত, যেখানে সাধারণ বছরে ৫ দিন ও লিপ ইয়ারে ৬ দিন থাকে; এভাবেই ৩৬৫ বা ৩৬৬ দিনে বছর পূর্ণ হয়। অধিকাংশ দেশে ১ জানুয়ারি নববর্ষ হলেও ইথিওপিয়ায় নতুন বছর শুরু হয় সেপ্টেম্বরে, যা ‘এনকুটাটাশ’ নামে পালিত হয়—সাধারণত ১১ সেপ্টেম্বর এবং লিপ ইয়ারে ১২ সেপ্টেম্বর। এ ছাড়া ইথিওপিয়ান অর্থোডক্স চার্চের রীতি অনুযায়ী ৭ জানুয়ারি ‘গেন্না’ নামে বড়দিন পালিত হয়।
সময় গণনার ক্ষেত্রেও ইথিওপিয়ার নিয়ম স্বতন্ত্র। বিশ্বের বেশিরভাগ জায়গায় রাত ১২টায় দিন শুরু হলেও সেখানে সকাল ৬টা থেকে দিন শুরু হয় এবং স্থানীয় ঘড়িতে সকাল ৬টাকে ১২টা ও দুপুর ১২টাকে ৬টা ধরা হয়, ফলে আন্তর্জাতিক সময়ের সঙ্গে ছয় ঘণ্টার ফারাক থাকে। তবে আন্তর্জাতিক যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও সরকারি কাজে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ও আন্তর্জাতিক সময় ব্যবহৃত হয়, আর দৈনন্দিন জীবন, উৎসব ও কৃষিকাজে গিজ ক্যালেন্ডার চলে।
ইথিওপিয়ার বিশেষত্ব ক্যালেন্ডার ও ঘড়ির বাইরেও বিস্তৃত। ইউরোপীয় উপনিবেশবাদের কাছে মাথা না নত করা এই দেশ ইতালির আক্রমণের শিকার হলেও দীর্ঘদিন পরাধীন থাকেনি। প্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও পাহাড় কেটে তৈরি চার্চ পর্যটকদের আকর্ষণ করে, আর জোড়া ক্যালেন্ডারের মাধ্যমে ২০২৬ সালেও নিজেদের ঐতিহ্য ধরে রেখেছে ইথিওপিয়া।