একাদশ পাশেই এমবিবিএস ও এমডি! সফদরজং হাসপাতালে কর্মরত ভুয়ো ডাক্তার গ্রেফতার, পর্দা ফাঁস এসওজি-র

ডাক্তারি পাশ না করেই এমবিবিএস ও এমডি ডিগ্রি ব্যবহার করে সফদরজং হাসপাতালে চুক্তিভিত্তিক জুনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)। বৃহস্পতিবার পুলিশ জানায়, দ্বাদশ শ্রেণি পাশ না করা ওই অভিযুক্তসহ মোট চারজনকে ভুয়ো মেডিক্যাল ডিগ্রির শংসাপত্র বিক্রির একটি আন্তঃরাজ্য চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত কেবল জুনিয়র রেসিডেন্ট হিসেবেই নয়, স্ত্রীরোগ বিশেষজ্ঞ সেজে মহিলা রোগীদের সোনোগ্রামও করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি জাল এমবিবিএস, এমডি এবং ডিএমআরডি ডিগ্রি তৈরি করত। নথি যাচাইয়ের সময় আসল দেখানোর জন্য সেসব ডিগ্রি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আপলোড করা হতো এবং সেই জাল নথির ভিত্তিতে মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করে বিভিন্ন হাসপাতালে চাকরি মিলত। এসওজি জানিয়েছে, রামকিশোর মাহাওয়ার জাল দ্বাদশ শ্রেণি, এমবিবিএস ও এমডি শংসাপত্র নিতে ৫.৫ লক্ষ টাকা দেন এবং ২০২৫ সালের জুনে সফদরজং হাসপাতালে চাকরি পান। আরও চাঞ্চল্যকর তথ্য হল, রামকিশোর মাত্র একাদশ শ্রেণি পাশ হলেও জাল কাগজপত্রে এমবিবিএস, স্ত্রীরোগবিদ্যায় এমডি ও ডিএমআরডি ডিগ্রি দেখিয়ে দিল্লির একটি হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ জন মহিলার সোনোগ্রাম করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, এর আগে ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত স্যার গঙ্গা রাম হাসপাতালে নার্সিং সহকারী হিসেবে কাজ করার সময় সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে চক্রটির খোঁজ পান রামকিশোর এবং টাকার বিনিময়ে ডিগ্রি কেনেন। তার আগে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দৌসার এক বেসরকারি নার্সিং হোমে ডাক্তারের সহকারী এবং বায়ানার এক বেসরকারি হাসপাতালে কাজ করার সুবাদে আলট্রাসাউন্ড শেখেন তিনি। দিল্লি মেডিক্যাল কাউন্সিলে নাম তোলার আগে উত্তর প্রদেশের একটি কলেজের জাল এমবিবিএস ডিগ্রি দিয়ে রাজস্থান ও মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিলেও নাম নথিভুক্ত করেছিলেন রামকিশোর।