বঙ্গোপসাগরে ফের ফুঁসছে নিম্নচাপ! শনি থেকে দক্ষিণবঙ্গে চরম দুর্যোগ, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

বর্ষার দাপট এখনও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। এক নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে ফের নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের নতুন বুলেটিন অনুযায়ী, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার প্রভাবে আগামী ২৯ অগস্ট নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। এর জেরে ২৮ অগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
বিশেষ করে ৩০ এবং ৩১ অগস্ট বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এই সময়ে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছাতে পারে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলেও শনি ও রবিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ২৯ ও ৩০ অগস্ট কলকাতার আকাশেও দফায় দফায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সতর্কতা বজায় রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিংয়ের মতো পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।