পুলিশের চাকরি পেতে হাজার হাজার ভুয়ো সার্টিফিকেট! সত্য ফাঁস করতেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

পুলিশের চাকরিতে ক্রীড়া কোটায় সুযোগ পাওয়ার জন্য হাজার হাজার ভুয়া শংসাপত্র তৈরির যে আন্তর্জাতিক চক্র সক্রিয় হয়ে উঠেছিল, তার জল এবার বহু দূর গড়াচ্ছে। এই বিশাল চক্রের হাঁড়ির খবর পুলিশের সামনে ফাঁস করে দেওয়ার পর থেকেই রহস্যজনকভাবে উধাও হয়ে যান ২৬ বছরের যুবক বৈভব চহ্বান। শুক্রবার মহারাষ্ট্রের বীড় জেলার ইমামপুর গ্রাম থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের চাকরি পেতে হাজার হাজার ভুয়া স্পোর্টস সার্টিফিকেট বিক্রির চক্রের মূল সূত্র ধরে ফেলার কারণেই বৈভবকে প্রাণ দিতে হলো কি না, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বীড় গ্রামীণ থানার পুলিশ জানিয়েছে, বৈভবের দেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে ইমামপুর গ্রাম থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, বৈভব আদতে সেই গ্রামের বাসিন্দা ছিলেন না। উল্লেখ্য, মাস দুয়েক আগে পুণে পুলিশ এক বিশাল জাল সার্টিফিকেট বিক্রির পর্দাফাঁস করেছিল। সেখানে দেখা যায়, একটি ভুয়া টুর্নামেন্টের নামে ১,০০০-এরও বেশি ভুয়া শংসাপত্র তৈরি করে বাজারে বিক্রি করা হয়েছিল, যা ব্যবহার করে অন্তত ৬০ জন প্রার্থী সরকারি চাকরির জন্য আবেদনও করেছিলেন। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, বৈভব এই চক্রের বিরুদ্ধে মৌখিকভাবে অভিযোগ জানালেও কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। ঘটনার পেছনে ওই চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ।