পাহাড়ের ঢাল ও জনবসতির নিচ দিয়ে জটিল খনন, উত্তরাখণ্ডে মাইলফলক ছুঁল ভারতীয় রেল!

উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় রেল যোগাযোগ আরও মজবুত করার পথে বড় সাফল্য পেল ভারতীয় রেল। ১২৫ কিলোমিটার দীর্ঘ ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের অন্তর্গত ৬.৫৯ কিলোমিটার দীর্ঘ টানেল-১৪-এর খননকাজ শেষ হওয়ার খবর সামনে এসেছে। পাহাড়ের জটিল ভূপ্রকৃতি ও নানা কারিগরি চ্যালেঞ্জ কাটিয়ে এই সুড়ঙ্গের খনন শেষ হওয়ায় পুরো প্রকল্পের অগ্রগতিতে তা উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই সুড়ঙ্গের খননকাজ দুই দিক থেকে চালানো হয়েছে। একদিকে সুমেরপুরের পোর্টাল-১ থেকে ৪.৭ কিলোমিটার অংশ এবং অন্যদিকে মারোরার পোর্টাল-২ থেকে ১.৭৯ কিলোমিটার অংশ খনন করা হয়েছে। পোর্টাল-১ সংলগ্ন এলাকায় একটি জনবসতির নিচ দিয়ে প্রায় ১১০ মিটার অংশ খনন করতে গিয়ে বাড়তি সতর্কতা নিতে হয়, কারণ সুড়ঙ্গের উপরে মাটি ও পাথরের স্তরের পুরুত্ব ছিল মাত্র ২০ থেকে ৩০ মিটার।
অন্যদিকে, মারোরার পোর্টাল-২ প্রান্তে পাহাড়ের ঢাল স্থিতিশীল রাখা বড় চ্যালেঞ্জ ছিল। সেজন্য ৩০ থেকে ৩৫ মিটার গভীর মাইক্রোপাইল, ১৫ থেকে ২০ মিটার দীর্ঘ রক বোল্ট এবং কনসলিডেশন গ্রাউটিংয়ের মতো কৌশল প্রয়োগ করেন ইঞ্জিনিয়াররা। রেল মন্ত্রকের দাবি, মারোরায় মাটি বসে যাওয়ার সমস্যা এবং জমি ও বাড়ি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কাটিয়ে ২০২৪ সালের মার্চ মাসে মূল খননকাজ শুরু করা সম্ভব হয়।
কাজের সময় নিরাপত্তা ও পরিবেশগত দিকও মাথায় রাখা হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। পোর্টাল-২ দিকে প্রায় ১০০ মিটার অংশ যান্ত্রিক পদ্ধতিতে খনন করা হলেও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে দুই প্রান্তেই নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়, যা শুধুমাত্র দিনের বেলাতেই সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি সুড়ঙ্গের ভেতরে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় পোর্টাল-১ থেকে ৪.৭ কিলোমিটার দীর্ঘ অংশে কাজ চলাকালীন বিশেষ ভেন্টিলেশন ব্যবস্থা সচল রাখা হয়েছিল।