সাফল্যের শিখরে থেকেও ১৫টি বছর নষ্ট করার আক্ষেপ জাভেদ আখতারের, কেন মদ ছাড়লেন বর্ষীয়ান লেখক?

বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার ও গীতিকার জাভেদ আখতার জীবনের সাফল্য ও খ্যাতির আড়ালে লুকিয়ে থাকা এক গভীর আক্ষেপের কথা প্রকাশ্যে আনলেন। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত ‘উই দ্য উইমেন’ অনুষ্ঠানের নবম সংস্করণে নিজের জীবনযাত্রা ও অতীতের ভুল নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। সেখানে বর্ষীয়ান এই লেখক জানান যে মদ্যপান ও দায়িত্বজ্ঞানহীন জীবনযাপনের কারণে জীবনের মূল্যবান প্রায় ১৫টি বছর তিনি কার্যত নষ্ট করেছেন। তাঁর আফসোস, সেই সময়টা আরও অর্থবহভাবে কাজে লাগালে লেখালেখির পাশাপাশি সঙ্গীত চর্চা, কোনও বাদ্যযন্ত্র শেখা কিংবা ফরাসি বা ফারসি ভাষার মতো নতুন কিছু আয়ত্ত করার সুযোগ পেতেন।

শুধু কাজের পরিসর বা শেখার সুযোগ হাতছাড়া হওয়ার মধ্যেই তাঁর আক্ষেপ সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও অতীতের কিছু আচরণ নিয়ে অনুতপ্ত জাভেদ আখতার। তাঁর মতে, জীবনের নানা পর্যায়ে কয়েকজন মানুষের প্রতি আরও বেশি সংবেদনশীল হওয়া উচিত ছিল তাঁর। অতীতে তাঁদের সঙ্গে কোন ভঙ্গিতে কথা বলেছেন বা কী ধরনের শব্দ ব্যবহার করেছেন, সেই স্মৃতি মনে পড়লে আজও অস্বস্তি ও খারাপ লাগা কাজ করে তাঁর মধ্যে। নিজের ভুল স্বীকার করতে কোনও দ্বিধা করেননি তিনি।

জাভেদ আখতার জানান, প্রাপ্তবয়স্ক জীবনে তাঁর নেওয়া বেশ কিছু বড় ভুল সিদ্ধান্তের পেছনে মদ্যপানের অভ্যাস ভূমিকা রেখেছিল। একসময় প্রায় প্রতি রাতেই এক বোতল মদ পান করতেন বলেও স্বীকার করেন তিনি। তবে এই অভ্যাস চিরতরে ত্যাগ করার কঠিন সিদ্ধান্ত নেন ১৯৯১ সালের ৩১ জুলাই। সেই দিনটিই ছিল তাঁর জীবনের শেষ মদ্যপানের দিন, যার পর থেকে আর কখনও মদ ছুঁয়ে দেখেননি তিনি। মদ্যপান ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, কোনও কষ্ট বা অতীতের তিক্ততা ভুলতে তিনি মদ খেতেন না; বরং মদ্যপান তাঁর ভালোই লাগত। কিন্তু একপর্যায়ে বুঝতে পারেন যে এই অভ্যাস বজায় রাখলে হয়তো বেশি দিন বাঁচা সম্ভব হবে না। সেই সময়ে মদের আনন্দ বনাম দীর্ঘ জীবন—এই দুইয়ের মধ্যে দীর্ঘ আয়ুর পথটিই বেছে নেন তিনি।

অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মকেও বিশেষ বার্তা দিয়েছেন জাভেদ আখতার। তাঁর পরামর্শ, জীবনের অর্থ বা অস্তিত্ব নিয়ে অতিরিক্ত চিন্তায় সময় নষ্ট না করে চারপাশের জগতকে জানার ও বোঝার চেষ্টা করা উচিত। সমাজ, মানুষ, বিজ্ঞান, নতুন আবিষ্কার এবং চারপাশের নানা পরিবর্তনের প্রতি কৌতূহলী থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতের ভুল নিয়ে ভেবে সময় নষ্ট না করে কেবল তা শুধরে নেওয়ার লক্ষ্যেই এগোনো উচিত।