পাঞ্জাব ভোটে আপ-ত্যাগী সাংসদদের বড় দায়িত্ব! রাঘব-স্বাতীকে সামনে রেখে কী ছক কষছে বিজেপি?

পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বড় রণকৌশল সাজাচ্ছে বিজেপি। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভা সাংসদদের সামনের সারিতে নিয়ে আসা হয়েছে। রাঘব চাড্ডাকে নির্বাচন ব্যবস্থাপনা ও প্রচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, অন্যদিকে পাঞ্জাবের নারী ভোটারদের কাছে পৌঁছানোর বিশেষ দায়িত্ব পেয়েছেন স্বাতী মালিওয়াল।
সূত্রের খবর, পাঞ্জাবের ১৩টি লোকসভা আসনের মধ্যে থেকে দলত্যাগী সাংসদদের নিজেদের পছন্দের আসন বেছে নিতে বলা হয়েছে। সেই নির্দিষ্ট লোকসভা কেন্দ্রগুলির অন্তর্গত বিধানসভা আসনগুলিতে বিজেপি এবং তার জোটসঙ্গীদের জয় নিশ্চিত করাই হবে তাঁদের মূল কাজ। বিজেপির এই পদক্ষেপের পেছনে দ্বিমুখী কৌশল রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল—একদিকে আপ-এর বর্তমান বিধায়কদের দলে টানার চেষ্টা এবং অন্যদিকে সাংসদদের পুরনো রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় যোগাযোগকে কাজে লাগিয়ে সংগঠনের জমি শক্ত করা।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে আম আদমি পার্টির সাতজন রাজ্যসভা সাংসদ বিজেপিতে যোগ দেন। এঁদের মধ্যে স্বাতী মালিওয়াল দিল্লির রাজ্যসভা সাংসদ হলেও বাকি ছয়জন—রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, হরভজন সিং, অশোক কুমার মিত্তাল, বিক্রমজিৎ সাহনি এবং রাজিন্দর গুপ্ত পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেন।
এই সাংসদদের মধ্যে সন্দীপ পাঠককে ইতিমধ্যেই জাতীয় সম্পাদক হিসেবে নিয়োগ করেছে বিজেপি। অতীতে আপ-এর জাতীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থী বাছাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সন্দীপ পাঠক বর্তমানে সম্ভাব্য প্রার্থী খোঁজা এবং আপ বিধায়কদের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজে সক্রিয় বলে জানা গেছে। পাশাপাশি রাঘব চাড্ডা ও হরভজন সিংকে প্রচারে ব্যবহার এবং বিভিন্ন নির্বাচনী কমিটিতে প্রাক্তন আপ সাংসদদের যুক্ত করে ভোটের ময়দানে গতি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দল।