দ্বাদশ পাশ ভুয়া আইএএস-এর ১৪ বছরের কীর্তি! পুলিশ-আইনজীবী থেকে সরপঞ্চ—ঠকেছেন শতাধিক

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক চাঞ্চল্যকর প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ। নিজেকে আইএএস (IAS) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে ১০০ জনেরও বেশি মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রামানুজ গুর্জার নামে এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, অভিযুক্ত মাত্র দ্বাদশ শ্রেণি পাস হলেও তার বাচনভঙ্গি ও হাবভাবে মুগ্ধ হয়ে আইনজীবী, পুলিশ কর্মকর্তা, বিল্ডার এবং গ্রাম প্রধানদের মতো প্রভাবশালী ও শিক্ষিত ব্যক্তিরাও তার ফাঁদে পা দিয়েছিলেন।

১২ লক্ষ টাকার প্রতারণায় জালে

পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ভোপালের হাবিবগঞ্জ থানায় ছয়জন সরপঞ্চের (গ্রাম প্রধান) কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে রামানুজ গুর্জারকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীদের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে ১৪ বছরের দীর্ঘ অপরাধের ইতিহাস রয়েছে এবং কেবল ভোপালেই তার বিরুদ্ধে ১০টিরও বেশি থানায় প্রতারণার মামলা ঝুলছে।

জেল খেটেও বদলায়নি কৌশল

পুলিশের তথ্য অনুযায়ী, ২০১২ সালে প্রথমবার আইএএস অফিসার সেজে প্রতারণার জগত শুরু করে রামানুজ। ওই বছরই জয়পুরের এক আইনজীবীকে ঠকানোর অভিযোগে সে জেলও খাটে। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর থেমে না থেকে নতুন নাম ও পরিচয়ে আরও বড় পরিসরে প্রতারণা শুরু করে সে। কখনো পিএমও-র আধিকারিক সেজে সরকারি চাকরি ও কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার নামে, আবার কখনো অস্ত্রের লাইসেন্স দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করত অভিযুক্ত।

চাচাতো ভাইয়ের ভিডিওই কাল হলো

নিজের ঘনিষ্ঠ আত্মীয়দেরও রেহাই দেয়নি এই প্রতারক। চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিজের চাচাতো ভাইয়ের কাছ থেকেও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় রামানুজ। শেষ পর্যন্ত চাকরি না মেলায় প্রতারিত চাচাতো ভাই ক্ষোভে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভাইরাল হওয়া সেই ভিডিওর সূত্র ধরেই তদন্তে গতি আসে এবং শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ে ভুয়া এই আইএএস কর্মকর্তা। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার অপরাধের সাম্রাজ্য ও সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে ভোপাল পুলিশ।