পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করল রাজ্য সরকার, মিলবে মাসিক ভাতা

ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার তাদের পাশে দাঁড়াতে একটি বিশেষ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি ‘শ্রমশ্রী’ নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেছেন, যা ভিনরাজ্য থেকে ফিরে আসা বাঙালি শ্রমিকদের পুনর্বাসনে সহায়তা করবে।
মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে বা হেনস্তার শিকার হয়ে রাজ্যে ফিরে এসেছেন, তাদের আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান করা। তিনি বলেন, “ভিনরাজ্য থেকে যে সকল পরিযায়ী শ্রমিক ফিরে এসেছেন, তারা এই ‘শ্রমশ্রী’ প্রকল্পের আওতায় আসবেন। যতক্ষণ না তারা নতুন করে কাজ পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত তাদের মাসে ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।”
এই প্রকল্পের আওতায় শুধু মাসিক ভাতা নয়, আরও একাধিক সুবিধা দেওয়া হবে। ফিরতি শ্রমিকদের জন্য ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এছাড়া, তাদের ‘স্বাস্থ্য সাথী’ কার্ড এবং জবকার্ডও দেওয়া হবে, যাতে তারা রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন। মুখ্যমন্ত্রী শ্রম দপ্তরকে ‘শ্রমশ্রী’ নামে একটি নির্দিষ্ট পোর্টাল তৈরি করার নির্দেশ দিয়েছেন, যাতে সমস্ত তথ্য সঠিকভাবে নথিভুক্ত করা যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে সকল শ্রমিকরা ভিনরাজ্যে হেনস্থার শিকার হচ্ছেন এবং রাজ্যে ফিরে আসতে চাইছেন, তাদের সকলকেই ফিরিয়ে আনার ব্যবস্থা করবে রাজ্য সরকার।” তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনা এবং স্কুলে ভর্তির সমস্ত ব্যবস্থা করবে রাজ্য সরকার।
দীর্ঘদিন ধরে পরিযায়ী শ্রমিকদের প্রতি অবহেলা এবং ভিনরাজ্যে তাদের হেনস্তার অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী সরব ছিলেন। এই নতুন প্রকল্পের মাধ্যমে তিনি সেই শ্রমিকদের পাশে দাঁড়ানোর একটি বড় পদক্ষেপ নিলেন, যা তাদের আর্থিক ও মানসিক সুরক্ষা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।