নাবালিকার হাত ধরাও পকসো আইনে অপরাধ! সাজা বহাল রেখে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

যৌন অভিপ্রায় নিয়ে কোনও নাবালিকার হাত ধরা হলে তা পকসো (POCSO) আইনের আওতায় যৌন নিগ্রহের অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। এই মামলায় এক ব্যক্তিকে বিশেষ আদালতের দেওয়া তিন বছরের কারাদণ্ডের সাজা বহাল রেখেছে আদালত।
বিচারপতি অলোক অবস্থি পর্যবেক্ষণে জানিয়েছেন, কোনও কাজ যৌন নিগ্রহের সংজ্ঞায় পড়বে কি না, তা ঠিক করার ক্ষেত্রে ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং শারীরিক স্পর্শের পেছনে থাকা অভিপ্রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পকসো আইনের ৭ নম্বর ধারার ব্যাখ্যা দিয়ে আদালত জানায়, যৌন অভিপ্রায়ে শারীরিক স্পর্শের মাধ্যমে সংঘটিত অপরাধকে যৌন নিগ্রহ হিসেবে ধরা হয় এবং এর জন্য পেনিট্রেশন বা অনুপ্রবেশ ঘটানো বাধ্যতামূলক নয়।
অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ২৩ সেপ্টেম্বর ইন্দোরে ১২ বছরের ওই নাবালিকা বাড়িতে একা ছিল। তার বাবা-মা ও দিদি বাজারে গিয়েছিলেন। সেই সুযোগে বাড়ির দোতলায় যায় অভিযুক্ত ইউসুফ, যিনি সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন। নাবালিকার অভিযোগ, যৌন অভিপ্রায় নিয়ে তার হাত ধরেন ইউসুফ এবং আপত্তি সত্ত্বেও হাত ছাড়েননি। কোনওভাবে নিজেকে ছাড়িয়ে গ্যালারির দিকে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় সে। পরে পরিবারকে গোটা ঘটনা জানায় নাবালিকা।
এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধি (IPC), তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইন এবং পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। বিশেষ আদালত ইউসুফকে পকসো আইনের ৭ ও ৮ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। সেই সাজাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছিলেন অভিযুক্ত।
আবেদনকারীর দাবি ছিল, শুধুমাত্র হাত ধরে রাখার অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালত অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং বকেয়া মজুরি নিয়ে বিবাদের জেরে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে সেই দাবি নাকচ করে হাইকোর্ট জানায়, বকেয়া মজুরি সংক্রান্ত দাবির সপক্ষে কোনও প্রমাণ মেলেনি।
বয়ানের সামান্য অমিল প্রসঙ্গে আদালত জানায়, পুলিশের কাছে দেওয়া বয়ান ও আদালতে সাক্ষ্য দেওয়ার সময় বক্তব্যে সামান্য পার্থক্য থাকা স্বাভাবিক, এবং মা ও সন্তানের বয়ানে সামান্য অমিল থাকলেও মামলার মূল ভিত্তি নড়ে না। নাবালিকার জন্মের শংসাপত্র ও স্কুলের নথি থেকে তার বয়স নিশ্চিত করা হয়েছে এবং যৌন অপরাধের ক্ষেত্রে নির্যাতিতার নির্ভরযোগ্য সাক্ষ্যই দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট বলে স্পষ্ট করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।