কেনাকাটার নামে হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে নির্যাতন! গুজরাটে ধৃত পঞ্চাশোর্ধ্ব

কেনাকাটার কথা বলে এক কুড়ি বছরের তরুণীকে হোটেলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগে পঞ্চাশ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গুজরাটের ড্যাং জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর তরুণী মানসিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন।

থানায় দায়ের হওয়া অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত দীপক পিম্পলে মলে যাওয়ার কথা বলে ওই তরুণীকে নিজের গাড়িতে করে একা নভসারি জেলার ভান্সদার একটি বাজারে নিয়ে যান। সেখানে তরুণীকে পোশাক কিনে দেওয়ার পর কাছের একটি হোটেলে নিয়ে গিয়ে তাঁর ওপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ।

নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে বিষয়টি সামনে আসে। তাঁর দাবি অনুযায়ী, গত রবিবার এই ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। ঘটনার বিস্তারিত দিক খতিয়ে দেখছে সংশ্লিষ্ট থানার পুলিশ।