ধরতে যেতেই পুলিশকে লক্ষ্য করে গুলি! আসানসোলে সাইবার প্রতারণায় অভিযুক্তের কাণ্ডে চাঞ্চল্য

ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বুধবার আসানসোলের হিরাপুর থানার ইসমাইল এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের নাম প্রতাপ দাস। তবে গুলির ঘটনায় কোনও পুলিশকর্মী আহত হননি বলে জানিয়েছে পুলিশ। ফেরার ওই অভিযুক্তের খোঁজে একাধিক থানার পুলিশ যৌথভাবে তল্লাশি শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, প্রতাপ দাসের বিরুদ্ধে সাইবার প্রতারণার অভিযোগে আসানসোল দক্ষিণ থানায় মামলা রুজু হয়েছিল। সেই মামলার তদন্তেই বুধবার তাঁকে গ্রেফতার করতে ইসমাইল এলাকায় যায় পুলিশের একটি দল। অভিযোগ, পুলিশ ধরার চেষ্টা করতেই আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালান প্রতাপ এবং সুযোগ বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যান। ঘটনার পর আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ ও হিরাপুর থানার পুলিশ আধিকারিকেরা তাঁর সন্ধানে অভিযান শুরু করেন।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার প্রণব কুমার জানিয়েছেন, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হলেও কেউ আহত হননি। অভিযুক্তকে দ্রুত ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলেও জানান তিনি।
এই ঘটনার পর ফের সামনে এসেছে সাম্প্রতিক অতীতে শান্তিনিকেতনে পুলিশের ওপর হামলার ঘটনা। গত ১৩ নভেম্বর বীরভূমের লায়েকবাজারে রতন শেখ নামে এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ে গুলি লাগে এবং প্রথমে চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ সূত্রের দাবি, পরবর্তীতে পূর্ব বর্ধমানের নবাবহাট থেকে রতনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালিয়েছিলেন, তার খোঁজ দেন। সেই অস্ত্র উদ্ধারে ১৫ নভেম্বর তাঁকে নিয়ে নানুরের উচকরন এলাকার একটি ইটভাটায় যায় পুলিশ। অভিযোগ, সেখানে রতন ফের গুলি চালান, যা পুলিশের গাড়িতে লাগে। পুলিশ পাল্টা গুলি চালালে জখম হন রতন এবং নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই প্রেক্ষাপটে আসানসোলের ঘটনায় অভিযুক্ত প্রতাপ দাসের খোঁজে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ।