‘নিজের দমে এগোতে হলে মোদীজির সঙ্গে যাও’! তৃণমূল ছাড়ার পেছনে প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শের বড় তথ্য ফাঁস শুভেন্দুর

তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তের নেপথ্যে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পরামর্শ কাজ করেছিল বলে দাবি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কলকাতায় ‘ইকনমিক টাইমস বেঙ্গল অ্যাসেন্ডস’ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের রাজনৈতিক জীবনের সেই পুরনো স্মৃতিচারণ করেন তিনি। শুভেন্দুর দাবি, তৃণমূলে না থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছিলেন প্রণববাবু।

শুভেন্দু জানান, প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর তিনি রাইসিনা হিলসে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সময় সেখানে ভাইপোও উপস্থিত ছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দুর কথায়, প্রণববাবু তাঁকে বলেছিলেন, ঠিক করে নিতে কী করতে চান। কর্মী হিসেবে থাকতে চাইলে সেখানেই থাকা যায়, কিন্তু নিজের দমে এগিয়ে যেতে চাইলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকা উচিত—এমনই স্পষ্ট পরামর্শ তিনি পেয়েছিলেন বলে দাবি শুভেন্দুর।

তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাঠামো নিয়েও এদিন তীব্র কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, দলটি অনেকটা বেসরকারি সংস্থার মতো চলত এবং সেখানে নিজেকে একজন কর্মচারী বা ‘এমপ্লয়ি’ হিসেবেই দেখতেন তিনি। সেই কর্মচারী হয়ে থাকতে চাননি বলেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সাফ জানান মুখ্যমন্ত্রী।

প্রণব মুখোপাধ্যায়কে নিজের ‘আসল পরামর্শদাতা’ ও অভিভাবক হিসেবে তুলে ধরেন শুভেন্দু। তবে রাইসিনা হিলসে তাঁদের সেই কথোপকথন ঠিক কবে হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে চাননি তিনি। শুভেন্দুর যুক্তি, প্রণববাবু আর বেঁচে নেই, তাই এই বিষয়ে বেশি কিছু বললে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলেই তিনি বিস্তারিত প্রকাশ্যে আনতে চান না। রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি তাঁর শ্রদ্ধার কথাও জানান তিনি।

উল্লেখ্য, প্রণব মুখোপাধ্যায় ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন এবং ২০২০ সালের অগস্ট মাসে প্রয়াত হন। অন্যদিকে, ২০২০ সালের নভেম্বরে রাজ্য মন্ত্রিসভা ছাড়ার পর ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। প্রণববাবুর প্রয়াণের কয়েক মাস পর তাঁর দলবদলের ঘটনায় রাষ্ট্রপতি ভবনের সেই বৈঠক ঠিক কোন সময়ে হয়েছিল, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।