দেশে ফিরলেই গ্রেফতার হবেন হাসিনা! প্রত্যর্পণ চুক্তি নিয়ে কড়া বার্তা শামা ওবায়েদের!

বাংলাদেশে ফিরলেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে এবং আইন তার নিজস্ব পথে চলবে বলে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি কার্যকর করার বিষয়ে আশাবাদী ঢাকা। ২০২৪ সালের অগস্টে গণবিক্ষোভের মুখে দেশ ছাড়ার পর থেকে ভারতে অবস্থানরত হাসিনার দেশে ফেরার জল্পনা এবং ১৬ ডিসেম্বর ফেরার সম্ভাব্য দিনক্ষণ নিয়ে আলোচনার আবহে এই মন্তব্য নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে চর্চার জন্ম দিয়েছে।
প্রত্যর্পণ চুক্তি ও আইনি প্রক্রিয়া প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি দেশে প্রবেশের চেষ্টা করলেই গ্রেফতার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর বক্তব্য, ভারত প্রত্যর্পণ চুক্তিকে সম্মান জানিয়ে দোষী সাব্যস্ত ব্যক্তি হিসেবে তাঁকে ফেরত পাঠাবে বলে ঢাকা আশা করে। তবে হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বিশেষ বিমান পাঠানোর বিষয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও তিনি স্পষ্ট করেছেন।
ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক ও কূটনৈতিক অবস্থান নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিদেশ প্রতিমন্ত্রী। তিনি জানিয়েছেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ ক্ষুণ্ণ না করে নয়াদিল্লির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় ঢাকা। তাঁর কথায়, বাংলাদেশের প্রতি ভারত কী ধরনের পররাষ্ট্র নীতি গ্রহণ করবে, তা নয়াদিল্লিকেই স্থির করতে হবে। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে, দুই দেশের সম্পর্ক কেবল একজন ব্যক্তির চেয়ে অনেক বড় বিষয়, এবং অমীমাংসিত বিষয়গুলি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।দেশের অভ্যন্তরীণ রাজনীতি, আওয়ামী লীগের কর্মসূচি এবং সাম্প্রতিক অশান্তি নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেছেন শামা ওবায়েদ। হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভ ও কর্মসূচি ঘিরে বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে তিনি এই অস্থিরতাকে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়া একটি দলের টিকে থাকার কৌশল বলে অভিহিত করেছেন।
অন্যদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও বাংলাদেশের অবস্থান ফের স্পষ্ট করেছেন বিদেশ প্রতিমন্ত্রী। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)-এর গণহত্যা সংক্রান্ত পদক্ষেপ ও আলোচনার আবহে মিয়ানমার এবং আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই সংকট বাংলাদেশ তৈরি করেনি, মিয়ানমার তৈরি করেছে এবং সমাধানও মিয়ানমারকেই করতে হবে।