ইমরান খানের জেলবন্দি জীবন নিয়ে রাষ্ট্রসঙ্ঘের কড়া সতর্কবার্তা! নির্যাতনের আশঙ্কা!

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জেলবন্দি জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসঙ্ঘ। জেলের ভিতরে তাঁর সঙ্গে যে ধরনের আচরণ করা হচ্ছে, তা অমানবিক এবং মর্যাদাহানিকর বলে অভিযোগ তুলেছেন রাষ্ট্রসঙ্ঘের এক মানবাধিকার বিশেষজ্ঞ। এমনকী, এই আচরণ নির্যাতন বা নিষ্ঠুর ও অবমাননাকর ব্যবহারের পর্যায়ে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। অবিলম্বে ইমরান খানের বন্দিদশার পরিস্থিতি পরিবর্তন করে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ড মেনে তাঁকে রাখার জন্য পাকিস্তান সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটস বা ওএইচসিএইচআর-এর বিবৃতি অনুযায়ী, রাষ্ট্রসঙ্ঘের স্পেশাল র‍্যাপোর্টিয়ার অন টর্চার অ্যালিস জিল এডওয়ার্ডস পাকিস্তান সরকারের কাছে এই আবেদন জানিয়েছেন। তাঁর বক্তব্য, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণ করা উচিত নয়, যা তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বা বিপজ্জনক হয়ে উঠতে পারে, এবং আন্তর্জাতিক নিয়ম ও মানদণ্ড মেনেই তাঁর বন্দিদশা নিশ্চিত করতে হবে।২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে স্থানান্তরিত করা হয়েছিল ইমরান খানকে। অভিযোগ, তারপর থেকেই তাঁকে দীর্ঘ সময় একাকী বন্দি করে রাখা হয়েছে। দিনের প্রায় ২৩ ঘণ্টাই তাঁকে একটি ছোট সেলের মধ্যে কাটাতে হচ্ছে এবং বাইরের জগতের সঙ্গে যোগাযোগও অত্যন্ত সীমিত। এমনকী, সেলের ভিতরে সর্বক্ষণ ক্যামেরার মাধ্যমে তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে বলেও তথ্য পেয়েছেন রাষ্ট্রসঙ্ঘের বিশেষজ্ঞ।

এডওয়ার্ডসের বক্তব্য, আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী দীর্ঘ সময় ধরে কিংবা অনির্দিষ্টকালের জন্য কাউকে একাকী বন্দি করে রাখা যায় না। ১৫ দিনের বেশি এই ধরনের বিচ্ছিন্নতা বা একাকী বন্দিদশা মানসিক নির্যাতনের পর্যায়ে পড়তে পারে। তাই ইমরান খানের একাকী বন্দিদশা অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি, কারণ দীর্ঘ সময় একাকীত্বের মধ্যে থাকলে তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব পড়তে পারে।

শুধু একাকী বন্দিদশাই নয়, জেলের ভিতরে ইমরান খানের দৈনন্দিন জীবনযাপন নিয়েও একাধিক অভিযোগ সামনে এসেছে। রাষ্ট্রসঙ্ঘের বিশেষজ্ঞের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, তাঁকে বাইরে গিয়ে শরীরচর্চা করতে দেওয়া হচ্ছে না, অন্য বন্দিদের সঙ্গে কথা বলা কিংবা প্রার্থনায় অংশ নেওয়ার সুযোগও মিলছে না। পাশাপাশি, পরিবারের সদস্য, আইনজীবী এবং অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের ক্ষেত্রেও নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।ইমরান খানের সেলের পরিবেশ ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এবং জেলের ভিতরে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া নিয়েও প্রশ্ন উঠেছে, আর ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসকদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়ার জন্য পাকিস্তান কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন এডওয়ার্ডস।ওএইচসিএইচআর জানিয়েছে, ইমরান খানের সঙ্গে আচরণ এবং তাঁর বন্দিদশার পরিস্থিতি নিয়ে পাক সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। এর আগে রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কও ইমরান খানের স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করে তাঁর অবিলম্বে মুক্তির দাবি জানান। সিএনএন-এ ক্রিস্টিয়ান আমানপোরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইমরানের মুক্তি ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করা জরুরি, পাশাপাশি পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কমিয়ে আস্থা ফেরানোর উপরেও জোর দেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর আদিয়ালা জেল থেকেই পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি জরুরি খোলা চিঠি লেখেন ইমরান খান। সেখানে নিজের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আদালতের নির্দেশ কার্যকর করার আবেদন জানান তিনি এবং গুরুতর স্বাস্থ্য সংকটের আশঙ্কা প্রকাশ করেন, পাশাপাশি জেলে বন্দি তাঁর স্ত্রীর স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি নিয়েও উদ্বেগ জানান। ইমরান খানের অভিযোগ, তাঁকে দিনের দীর্ঘ সময় একাকী বন্দিদশায় রাখা হচ্ছে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ফোনে কথা বলা, পড়াশোনার সামগ্রী ও আইনজীবীর সাহায্য পাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে পাকিস্তানের জেলে প্রাক্তন প্রধানমন্ত্রীর বন্দিদশা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।