খালি পেটে এই ৩ মশলার পানীয়, গ্যাস-অম্বলের সমস্যায় মিলবে ঝটপট স্বস্তি?

হজম এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে শরীর খাবার ভেঙে পুষ্টি শোষণ করে এবং তা শক্তিতে রূপান্তরিত করে। এই প্রক্রিয়া সঠিকভাবে চললে অনেক সময় আমরা তা খেয়াল করি না। তবে হজম প্রক্রিয়া ধীর হয়ে গেলে, অনিয়মিত হলে কিংবা অন্ত্রের কোনও অংশ অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়লে নানা শারীরিক অস্বস্তি দেখা দেয়।

পাকস্থলীর অ্যাসিড, অন্ত্রের ব্যাকটেরিয়া বা অন্ত্রের নড়াচড়ার মধ্যে ভারসাম্য নষ্ট হলেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এর ফলে পেট ফাঁপা, অ্যাসিডিটি, গ্যাস, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো উপসর্গ বেশি দেখা যায়। বারবার এমন উপসর্গ দেখা দেওয়ার অর্থ হতে পারে অন্ত্রে কোনও সমস্যা রয়েছে।

খাবার ভাঙতে, পুষ্টি শোষণ করতে বা পরিপাকতন্ত্র থেকে বর্জ্য বের করতে শরীরে কোনও বাধা তৈরি হলেই হজমের সমস্যা দেখা দেয়। ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা আইবিএস, গ্যাসট্রো এসোফ্যাগাল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি, পাইলস বা হেমোরয়েডস, সিলিয়াক ডিজিজ, কোলন পলিপস কিংবা কোলোরেক্টাল ক্যানসারের মতো অবস্থা ক্রমাগত হজমের সমস্যার কারণ হতে পারে।

কিছু ঘরোয়া উপাদান হজমের নানা সমস্যা দূর করতে সাহায্য করে। জিরে, জোয়ান এবং মৌরি হজমের অস্বস্তি কমাতে বেশ কার্যকর। পুষ্টিবিদ শালিনী সুধাকর এই উপাদানগুলি দিয়ে একটি পানীয় তৈরি করে গরম গরম খাওয়ার পরামর্শ দিয়েছেন। এটি তৈরি করাও অত্যন্ত সহজ।

এই পানীয় বানাতে জিরে, জোয়ান এবং মৌরি একসঙ্গে নিয়ে ভালোভাবে পিষে গুঁড়ো করে নিতে হবে। এরপর তা এক গ্লাস জলে মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। পানীয়টি ছেঁকে নিয়ে গরম বা হালকা গরম অবস্থায় পান করুন। খালি পেটে খেলে এর থেকে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় বলে মনে করা হয়।

বদহজম ও পেট ফাঁপার মতো সমস্যায় জিরের ব্যবহার দীর্ঘদিনের। জিরের সক্রিয় উপাদান, বিশেষ করে কিউমিনালডিহাইড হজম প্রক্রিয়া সহজ করতে সাহায্য করে। পেট ব্যথা ও পেট ফাঁপার মতো উপসর্গ কমাতে এটি কার্যকর।

খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি গ্যাস ও বদহজমের মতো সমস্যা মোকাবিলায় জোয়ান ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয়ে আসছে। এতে থাইমল রয়েছে। এর কারমিনেটিভ গুণের কারণে এটি গ্যাস ও পেট ফাঁপা দূর করতে সাহায্য করে।

অন্যদিকে, খাওয়ার পর মৌরি চিবানোর চল রয়েছে। পাশাপাশি চা এবং বাড়িতে তৈরি নানা খাবারেও এটি ব্যবহার করা হয়। মৌরিতে অ্যানিথোল, ফেঞ্চোন ও অ্যাস্ট্রাগোলের মতো উপাদান থাকে। এগুলো মৌরিকে অ্যান্টিস্পাসমোডিক গুণ দেয়, যার ফলে হজম সংক্রান্ত অস্বস্তি কমতে সাহায্য করে।