দিল্লিতে আসছে ১,৮১৫ শয্যার দুই বড় হাসপাতাল: সিরাসপুর ও হস্তসালে কবে থেকে চালু পরিষেবা?

রাজধানী দিল্লির স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বুধবার তিনি জানান, আগামী বছর সিরাসপুর এবং হস্তসালে মোট ১,৮১৫ শয্যাবিশিষ্ট দুটি নতুন হাসপাতাল চালু হবে। এই উদ্যোগের ফলে রাজধানীর রোগীদের শয্যা সংকট কিছুটা মিটবে এবং বিদ্যমান বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমবে বলে মনে করছে প্রশাসন।

দিল্লি সচিবালয়ে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রকল্পের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার কড়া নির্দেশ দেন। স্বাস্থ্য সংক্রান্ত প্রকল্পে কোনও গাফিলতি বা বিলম্ব বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডঃ পঙ্কজ কুমার সিং এবং স্বাস্থ্য ও গণপূর্ত বিভাগের শীর্ষ আধিকারিকরা।

মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, সিরাসপুরের ১,১৬৪ শয্যার হাসপাতালটির নির্মাণকাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। এখন চিকিৎসা সরঞ্জাম কেনার কাজ চলছে, যা আগামী জানুয়ারির শেষ নাগাদ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। অন্যদিকে, হস্তসালের ৬৫১ শয্যার হাসপাতালটির নির্মাণকাজও প্রায় শেষের দিকে। আগামী বছর এই দুই হাসপাতাল চালু হলে সিরাসপুর, হস্তসাল ও আশপাশের এলাকার বাসিন্দারা হাতের কাছেই উন্নত চিকিৎসা পাবেন এবং বড় হাসপাতালে ছোটার প্রবণতা কমবে।

শুধু বড় হাসপাতাল নয়, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা জোরদার করতেও পদক্ষেপ নিচ্ছে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী জানান, দিল্লিতে মোট ১,১৩৯টি আয়ুষ্মান আরোগ্য মন্দির তৈরির কাজ চলছে, যার মধ্যে ৪১৫টি বর্তমানে সচল রয়েছে। আগামী মাসে ৪০টি নতুন কেন্দ্র চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সেগুলো উদ্বোধন করা হতে পারে। পাশাপাশি, যেসব আয়ুষ্মান আরোগ্য মন্দিরে রোগীর চাপ বেশি, সেখানে দুটি শিফটে পরিষেবা চালুর ভাবনাও রয়েছে।

এছাড়া মাদিপুর এবং জ্বালাপুরিতে ৬৯১ শয্যাবিশিষ্ট আরও দুটি হাসপাতাল তৈরির কাজ চলছে, যার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২০২৮ সাল। এর মধ্যে মাদিপুর হাসপাতাল নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪৬৬.৫০ কোটি টাকা এবং জ্বালাপুরি হাসপাতালে ব্যয় হবে ৪৮৪.০৪ কোটি টাকা।

বিদ্যমান হাসপাতালগুলোতে মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবার পরিসরও বাড়ানো হচ্ছে। রোহিনীর বাবা সাহেব আম্বেদকর হাসপাতালে ৪৬৩ শয্যার মাতৃ ও শিশু স্বাস্থ্য ব্লকের ওপিডি উদ্বোধনের জন্য তৈরি। পাশাপাশি খিচড়িপুরের রাও তুলা রাম মেমোরিয়াল হাসপাতালের ২৭০ শয্যার ব্লক এবং লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালের ৪৬০ শয্যার ব্লকের কাজও প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি লোক নায়ক হাসপাতাল (এলএনজেপি) এবং মাওলানা আজাদ মেডিকেল কলেজ চত্বরের চিকিৎসা পরিকাঠামো আধুনিকীকরণ ও পুনর্নির্মাণের পরিকল্পনাও রয়েছে সরকারের।