সর্বম এআই-এর প্ল্যাটফর্মে চীনা মডেল নিয়ে বিতর্ক: তহবিল অপব্যবহারের অভিযোগ নাকচ করল কেন্দ্র

দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংস্থা সর্বম এআই-কে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মাঝে বড় স্পষ্টীকরণ দিল কেন্দ্রীয় সরকার। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের (MeitY) সচিব এস কৃষ্ণান সাফ জানিয়েছেন, ইন্ডিয়াএআই মিশনের অধীনে প্রাপ্ত সরকারি সহায়তার কোনো অপব্যবহার করেনি সর্বম এআই। নিজেদের এআই প্ল্যাটফর্মে চীনা এআই মডেল ডিপসিক এবং কিমি রাখার কারণে সংস্থার বিরুদ্ধে ওঠা প্রশ্ন ও সমালোচনার জবাবে এই অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সম্প্রতি চ্যারিয়ট ওয়ান লঞ্চ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এস কৃষ্ণান জানান, ইন্ডিয়াএআই মিশনের সহায়তায় সর্বম এআই ইতিমধ্যে ১০৫ বিলিয়ন প্যারামিটারের একটি এআই মডেল তৈরি করেছে। এর পাশাপাশি তারা আরও বেশ কিছু মডেল তৈরি করেছে এবং আরও বড় মাপের মডেল তৈরির কাজও চালিয়ে যাচ্ছে। সচিবের মতে, এআই সংস্থাগুলোর টিকে থাকার জন্য নিজেদের পণ্য ও পরিষেবার মাধ্যমে আয়ের উৎস বা রেভিনিউ মডেল তৈরি করা জরুরি।
সর্বম এআই-এর নতুন প্ল্যাটফর্ম টোকেন ফ্যাক্টরি নিয়ে কেন প্রশ্ন উঠছিল, তা নিয়েও আলোচনা চলছে। ওই প্ল্যাটফর্মে নিজেদের মডেলের পাশাপাশি চীনের ডিপসিক, কিমি এবং অন্যান্য ওপেন-ওয়েট মডেল যুক্ত করার পর সামাজিক মাধ্যমে প্রশ্ন ওঠে যে, দেশীয় এআই তৈরির জন্য পাওয়া সরকারি সহায়তা কি বাণিজ্যিক পরিষেবার কাজে লাগানো হচ্ছে। এর জবাবে সর্বম এআই-এর সহ-প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার আগেই স্পষ্ট করেছিলেন যে টোকেন ফ্যাক্টরি চালানো হচ্ছে সংস্থার নিজেদের কেনা জিপিইউ দিয়ে, এতে কোনো সরকারি ভর্তুকি বা সহায়তা ব্যবহার করা হয়নি।
এ বিষয়ে এস কৃষ্ণান জানান, সর্বম এআই এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে নিজেদের মডেলের সঙ্গে অন্যান্য ওপেন-সোর্স এবং এআই মডেল একীভূত করে সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানকে পরিষেবা দেওয়া হবে। এই পরিকল্পনার কথা সংস্থাটি আগেই সরকারকে জানিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, বড় এআই মডেল তৈরি করা এবং গ্রাহকদের পরিষেবা দেওয়া দুটি আলাদা কাজ, এর মধ্যে কোনো বিরোধ নেই।
সচিব আরও জানান, বেশ কয়েকটি সরকারি বিভাগও ওপেন-সোর্স মডেলের ওপর ভিত্তি করে পরিষেবা ব্যবহার করছে। এর ফলে দেশের গুরুত্বপূর্ণ ডেটা বাইরে যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে সর্বম এআই-এর বিরুদ্ধে সরকারি সহায়তার অপব্যবহারের কোনো প্রমাণ মেলেনি বলে সাফ জানিয়েছেন কৃষ্ণান।
এআই পরিকাঠামো এবং চিপ সরবরাহ প্রসঙ্গেও কথা বলেন তথ্য ও প্রযুক্তি সচিব। তিনি জানান, ইন্ডিয়াএআই মিশন কেবল এনভিডিয়ার ওপর নির্ভরশীল নয়। এতে এএমডি এবং টিপিইউ-এর মতো অন্যান্য প্ল্যাটফর্মও রয়েছে। উন্নত চিপ রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বড় কোনো প্রভাব ভারতের ওপর পড়বে না বলে আশাবাদী তিনি। পাশাপাশি এস কৃষ্ণান জানান, সরকার এখন শুধু মডেল প্রশিক্ষণের জন্য নয়, বরং ইনফারেন্স বা মডেল চালানোর ক্ষেত্রেও স্টার্টআপগুলোকে জিপিইউ সহায়তা দেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে।