ডিলিমিটেশন বিলে বিজেপিকে সায় শরদ পওয়ারের, ‘পিঠে ছুরি’র অভিযোগে ফুঁসছে কংগ্রেস

ডিলিমিটেশন বিল বা আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাবিত আইনে বিরোধী শিবিরের অবস্থান ছেড়ে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন সরকারকে সমর্থন জানানোর ঘোষণা করায় শরদ পওয়ারের দল এনসিপি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে মহারাষ্ট্র কংগ্রেস। কংগ্রেস পরিষদীয় দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার এনসিপি-কে ক্ষমতালোভী বলে কটাক্ষ করার পাশাপাশি প্রবীণ নেতা শরদ পওয়ারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে পিঠে ছুরি মারার ইতিহাস থাকার মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
কোনও রাখঢাক না রেখেই ওয়াদেত্তিওয়ার মন্তব্য করেছেন যে, শরদ পওয়ার জল ছাড়া মাছের মতো হয়ে গেছেন এবং তাঁর কোনও প্রকৃত আদর্শ নেই। প্রবীণ নেতাকে রাজ্যসভায় পাঠানোর প্রসঙ্গ টেনে ওয়াদেত্তিওয়ার দাবি করেন, গণতন্ত্র ধ্বংসের কারিগরদের ইতিহাস লেখা হলে সেই তালিকায় পওয়ারের নাম অবশ্যই থাকবে। এনসিপি-র এই পদক্ষেপকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অন্যায় বলেও আখ্যা দিয়েছেন তিনি।
মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শরদ পওয়ার এবং সাংসদ সুপ্রিয়া সুলেকে মনে করিয়ে দিয়েছে যে, চলতি বছরের শুরুতে ৮৫ বছর বয়সি পওয়ার যাতে ফের সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হতে পারেন, তার জন্য কংগ্রেস জোরালো দাবি তুলেছিল। রাজ্য কংগ্রেসের দাবি, সুপ্রিয়া সুলে ব্যক্তিগতভাবে কংগ্রেসের শীর্ষ নেতাদের কাছে গিয়ে তাঁর বাবার মনোনয়নের সমর্থন চেয়েছিলেন এবং সেই অনুরোধে সাড়া দিয়ে কংগ্রেস ওই আসনের দাবি ছেড়ে দিয়েছিল। অথচ সেই শরদ পওয়ারই আজ বিজেপির ডিলিমিটেশন বিলে সমর্থন জানাচ্ছেন বলে ক্ষোভ প্রকাশ করেছে মহারাষ্ট্র কংগ্রেস।
আগামী সপ্তাহে সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্র আসন পুনর্বিন্যাস সংক্রান্ত যে বিল আনতে চলেছে, শুক্রবারই তাতে সমর্থন জানানোর কথা ঘোষণা করেছে পওয়ারের দল। গত এপ্রিল মাসে সম্মিলিত বিরোধীদের চাপে যে বিলটি আটকে গিয়েছিল, এবার এনসিপি (এসপি)-র আটজন এবং ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থন কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতার সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, সংসদের কৌশল ঠিক করতে শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠকেও অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি (এসপি)।
অন্যদিকে, এই বিলের বিরোধিতায় নিজেদের অবস্থানে অনড় রয়েছে কংগ্রেস। দলীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধেয় এক বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট করে দিয়েছেন যে, সরকারের হাতে প্রয়োজনীয় সংখ্যা থাকুক বা না থাকুক, কংগ্রেস এই বিলের বিরোধিতা চালিয়ে যাবে।