জশপুরের একাধিক গ্রামে মিশনারিদের প্রবেশে ‘নো এন্ট্রি’ বোর্ড, বিতর্কে ছত্তিশগড়

ছত্তিশগড়ের আদিবাসী অধ্যুষিত জশপুর জেলার একাধিক গ্রামে স্থানীয় বাসিন্দারা খ্রিস্টান ধর্মযাজক ও মিশনারিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে ‘নো এন্ট্রি’ বোর্ড টাঙিয়ে দেওয়ায় তীব্র বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। জাবলা গ্রাম পঞ্চায়েতেও সম্প্রতি গ্রামসভার প্রস্তাব পাসের মাধ্যমে একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
গ্রামবাসীদের দাবি, নিজস্ব আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রথাগত সমাজব্যবস্থা রক্ষার তাগিদেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে, এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে সাংবিধানিক অধিকার লঙ্ঘন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা প্রকাশ করেছে খ্রিস্টান আদিবাসী সংগঠনগুলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাবলা গ্রামের প্রবেশপথে টাঙানো সাইনবোর্ডে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, ধর্মান্তরণ সংক্রান্ত যেকোনো কার্যকলাপের উদ্দেশ্যে গ্রামে খ্রিস্টান ফাদার, পাস্টর এবং নানদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু প্রবেশেই নয়, গ্রামের ভেতরে যেকোনো ধরনের প্রার্থনা সভা বা রোগমুক্তির নামে আয়োজিত জমায়েতের ওপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জাবলার আগে জশপুর জেলার আরও চারটি গ্রাম পঞ্চায়েত সোগদা, চড়িয়া, ডুমারটোলি এবং টেম্পুতে গ্রামসভার অনুমোদনের পর একই ধরনের বিশাল হোর্ডিং ও বোর্ড লাগানো হয়েছিল। কিছু এলাকায় স্থানীয় বিধায়ক রায়মুনি ভগতের উপস্থিতিতে এই বোর্ডগুলো স্থাপন করা হয়। গ্রামবাসীদের একাংশ ও স্থানীয় প্রতিনিধিদের বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রলোভন বা বিভ্রান্তির মাধ্যমে কথিত ধর্মান্তরণের অভিযোগ উঠছিল, যা তাদের হাজার বছরের পুরনো আদিবাসী রীতিনীতি ও সামাজিক কাঠামোকে দুর্বল করে দিচ্ছে।
এই পরিস্থিতি মোকাবিলায় তাঁরা ভারতীয় সংবিধানের পঞ্চম তফসিল এবং ১৯৯৬ সালের পেসা আইনের অধীনে গ্রামসভার বিশেষ ক্ষমতার কথা উল্লেখ করেছেন। স্থানীয় বিধায়ক রায়মুনি ভগত সংবাদমাধ্যমকে জানান, তফসিলি এলাকাগুলোতে গ্রামবাসীদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের আইনি অধিকার রয়েছে এবং গ্রামসভার সর্বসম্মত সিদ্ধান্তেই এই বোর্ড লাগানো হয়েছে। আগামী দিনে জেলার আরও বেশ কিছু গ্রামে এই ধরনের প্রস্তাব পাস হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা।
তবে গ্রামসভার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে ছত্তিশগড় খ্রিস্টান আদিবাসী মহাসভা। সংগঠনের রাজ্য সভাপতি অনিল কিসপোত্তার নেতৃত্বে এক প্রতিনিধিদল ইতিমধ্যেই জশপুরের জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। সংগঠনের দাবি, নির্দিষ্ট কোনো ধর্মের মানুষ বা ধর্মযাজকদের চলাফেরায় এভাবে নিষেধাজ্ঞা জারি করা ভারতীয় সংবিধানের ১৪, ১৫, ১৯ এবং ২৫ নম্বর অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী। অনিল কিসপোত্তা বলেন, উদ্বেগ থাকলে তা জনসচেতনতার মাধ্যমে সমাধান করা উচিত; নিষেধাজ্ঞার বোর্ড সমাজে বিভাজন বাড়াবে ও সম্প্রীতি নষ্ট করবে। তাঁরা অবিলম্বে বোর্ডগুলো সরানো এবং সিদ্ধান্তের বৈধতা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।