ছেলের কম নম্বর দেখেই সোজা আদালতে বাবা-মা! আমেরিকার সিলিকন ভ্যালিতে স্কুলগুলোর বিরুদ্ধে কেন চলছে এই আইনি লড়াই?

সন্তানের স্কুলের রিপোর্ট কার্ডে লাল কালির বা কম নম্বরের দাগ দেখলে ভারতীয় বা এশীয় উপমহাদেশে সাধারণত অভিভাবকরা সন্তানদেরই বকাবকি করেন অথবা অতিরিক্ত কোচিংয়ের ব্যবস্থা করেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ছবিটা সম্পূর্ণ উলটো। সন্তানের খারাপ ফলাফলের জন্য তাদের বাড়তি পরামর্শ বা উপদেশ দেওয়ার দিন বুঝি ফুরোল! এখন রিপোর্ট কার্ডে কম নম্বর দেখলেই অভিভাবকরা সরাসরি স্কুল প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন এবং টেনে নিয়ে যাচ্ছেন আদালতে।

বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও মেধার কেন্দ্র হিসেবে পরিচিত ‘সিলিকন ভ্যালি’তে এমন অদ্ভুত ও চাঞ্চল্যকর বেশ কিছু ঘটনা প্রকাশ্যে এসেছে। জানা গেছে, সেখানে প্রভাবশালী অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষার কম নম্বর এবং রিপোর্ট কার্ডে শিক্ষকদের লেখা নেতিবাচক বা সমালোচনামূলক মন্তব্যকে চ্যালেঞ্জ করে স্কুল ডিস্ট্রিক্টগুলির বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমে পড়েছেন।

শিক্ষা বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ এবং সন্তানদের কেরিয়ার নিয়ে অতিরিক্ত উচ্চাশার ফলেই মার্কিন অভিভাবকদের একাংশের মধ্যে এই অসহিষ্ণুতা এবং আইনি পথে হাঁটার প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। সন্তানের শিক্ষার গুণগত মান বা স্কুলের মূল্যায়ণ পদ্ধতি নিয়ে অভিভাবকদের এই সরাসরি আইনি আক্রমণ এখন মার্কিন শিক্ষামহলে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে।