চিফ হুইপের সিদ্ধান্তও বাতিল! বিরোধী দলনেতা বিতর্কে বড় স্বস্তি তৃণমূল শিবিরে

বিরোধী দলনেতা মামলায় বড় ধাক্কা খেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলনেতা নিয়ে বিধানসভার স্পিকারের সিদ্ধান্ত বাতিল করল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে বাতিল হয়েছে চিফ হুইপ নির্বাচনের সিদ্ধান্তও। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ ৩ জুনের স্পিকারের সিদ্ধান্ত খারিজ করে ১০ দিনের মধ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের এই রায়ে বিরোধী দলনেতা বিতর্ক মামলায় কার্যত বড় স্বস্তি পেল তৃণমূল শিবির।

রায়ের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “আমরা প্রথম থেকেই বলে এসেছি যে পদ্ধতিতে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের নীতি, সে বিষয়টা কোনও স্লোপ টেস্টের নয়, কোন বিধায়ক কোন দিকে ঝুঁকে সেটা বিষয় নয়। যে প্রতীক বা সিম্বল থেকে জিতে এসেছে সেই পার্টি যাঁকে মনোনীত করে পাঠাবেন তিনিই বিরোধী দলনেতা হবেন। এটা বেসিক আইন। সেই আইন মানা হয়নি।”

বিজেপি এবং স্পিকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। তাঁর কথায়, “বিজেপি দল ভাঙানোর খেলায় মেতেছিল। দুর্ভাগ্যের বিষয় স্পিকারের চেয়ারটা এখানে ব্যবহার হয়েছিল। আমরা স্পিকারের চেয়ারের কাছে নিরপেক্ষতা আশা করেছিলাম, কিন্তু বার বার অধ্যক্ষের চেয়ার প্রমাণ করে দিয়েছে স্পিকার ঠিক কাজ করেননি। এবার আশা করছি আদালতের রায় থেকে শিক্ষা নিয়ে অনৈতিক ভাবে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা বদলে যেটা আইনে হয় সেই মাফিক সিদ্ধান্ত নেবেন। এটা কোনও নীতিতে হয় না, রীতিতে হয় না। কিছুক্ষণ আগে পর্যন্ত শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষীয়ান নেতারা বাইরে বসেছিলেন। তাঁরা একটা ঘর পাননি। এত পাপ সহ্য হবে তো?”

মামলার প্রেক্ষাপটে জানা গিয়েছে, বিরোধী দলনেতা বিতর্কে প্রথমে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে অধ্যক্ষের নির্দেশের উপরে কোনও স্থগিতাদেশ দেয়নি। এরপর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়। গত ১৮ অগাস্ট ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়েছিল, আপাতত বিরোধী দলনেতা হিসেবে কাজ চালাবেন ঋতব্রতই। পাশাপাশি ডিভিশন বেঞ্চ জানায়, সম্ভব হলে দু মাসের মধ্যে বিরোধী দলনেতার নির্বাচন নিয়ে মামলার নিষ্পত্তি করবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চই।

সেই অনুযায়ী ১৮ অক্টোবরের মধ্যে মামলার রায় দেওয়ার কথা ছিল সিঙ্গল বেঞ্চের। তবে মাঝে পুজোর ছুটি পড়ে যাওয়ায় অবশেষে মামলার রায় দিল বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করার যে সিদ্ধান্ত বিধানসভার অধ্যক্ষ নিয়েছিলেন, তা বাতিল করে ১০ দিনের মধ্যে নতুন করে বিরোধী দলনেতা নির্বাচনের নির্দেশ দিয়েছে আদালত।