তেলের দাম বৃদ্ধি আর মুনাফা তোলার চাপ! শুক্রবার লাল জোনে শেষ হল শেয়ার বাজার

সপ্তাহের শেষ কর্মদিবস তথা শুক্রবার, ২৭ নভেম্বর ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতন দেখা গেল। বৃহস্পতিবারের ঊর্ধ্বগতির পর এদিন ফের রেড জোনে শেষ হয়েছে দালাল স্ট্রিটের লেনদেন। দিনের শেষে প্রায় ১,০০০ পয়েন্ট ধস নেমেছে বোম্বে স্টক এক্সচেঞ্জে। অন্যদিকে, ২৫,৬৫০-এর নিচে নেমে গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি ৫০। বাজার বন্ধের সময় সেনসেক্স ৯৮৯.৩৩ পয়েন্ট বা ১.১৭ শতাংশ কমে দাঁড়ায় ৮৩,৩৩৯.২৬ পয়েন্টে। অপরদিকে, নিফটি ৫০ ২৭৭.৩০ পয়েন্ট বা ১.০৭ শতাংশ হ্রাস পেয়ে ২৫,৬০৭.২০ পয়েন্টে বন্ধ হয়েছে।
কেন পড়ল শেয়ার বাজার?বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সাম্প্রতিক উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ খাতে বিক্রির চাপও দেখা গিয়েছে শুক্রবার। সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছে আইটি ও অটোমোবাইল ক্ষেত্রের শেয়ার। নিফটি আইটি প্রায় ১.৮৮ শতাংশ এবং নিফটি অটো ১.৪৮ শতাংশ কমেছে। রিয়েলটি, ব্যাঙ্কিং ও এফএমসিজি খাতেও পতন লক্ষ্য করা গেছে। তবে বাজারের এই মন্দার মধ্যেও কিছুটা স্বস্তি দিয়েছে মেটাল এবং কনজিউমার ডিউরেবলস খাত। নিফটি মেটাল ১.৪০ শতাংশ এবং কনজিউমার ডিউরেবলস ০.২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
নজরে কোন কোন শেয়ার? নিফটি ৫০-এ উল্লেখযোগ্য পতন হয়েছে শ্রীরাম ফাইন্যান্স, বাজাজ অটো, এইচসিএল টেকনোলজি, ইনফোসিস এবং টিসিএসের শেয়ারে। অন্যদিকে, ভারত ইলেকট্রনিক্স, জেএসডব্লিউ স্টিল, টাইটান এবং হিন্দালকোর মতো শেয়ারে কেনাকাটা দেখা গিয়েছে। সবমিলিয়ে, সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বিনিয়োগকারীদের জন্য বেশ হতাশাজনক ছিল শুক্রবারের বাজার। আগামী সপ্তাহে বাজার কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রয়েছে লগ্নিকারীদের।