চমকপ্রদ অন্দরমহল! ‘শিশমহল’-এর দরজা খুলল দিল্লি সরকার, সামনে এল কোটি টাকার সামগ্রীর তালিকা

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (AAP) প্রধান অরবিন্দ কেজরিওয়ালের প্রাক্তন সরকারি বাসভবন ‘শিশমহল’ শুক্রবার সংবাদমাধ্যমের জন্য খুলে দিল বিজেপি পরিচালিত দিল্লি সরকার। ফ্ল্যাগস্টাফ রোডের ৬ নম্বর এই বাংলোটি একসময় কেজরিওয়ালের বাসভবন ছিল। ২০২৫ সালের দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এই বাংলোর বিলাসবহুল সাজসজ্জা ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ ঘিরে বিজেপি ও আপের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছিল।
সংবাদমাধ্যমের সামনে বাংলোর অন্দরমহল উন্মোচন করার পর একাধিক ব্যয়বহুল সামগ্রীর বিবরণ সামনে এসেছে। এর মধ্যে ১১.৫৬ লক্ষ টাকার ঝাড়বাতি, ৫.৪৭ লক্ষ টাকার একটি টু-সিটার সোফা এবং ২.৪২ লক্ষ টাকার আরও একটি সামগ্রীর কথা উঠে এসেছে। দিল্লির মন্ত্রী পরবেশ ভার্মা আগেই ঘোষণা করেছিলেন যে সাধারণ মানুষের জন্য ‘শিশমহল’ খুলে দেওয়া হবে এবং নাগরিকদের পুরো বাংলো ঘুরে দেখার ব্যবস্থা করা হবে।
অন্যদিকে, দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা কপিল মিশ্র অভিযোগ করেছেন যে কোভিড-১৯ অতিমারির সময় যখন দিল্লিতে মানুষের মৃত্যু হচ্ছিল, ঠিক তখনই এই বিলাসবহুল বাংলোটি তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, যিনি একসময় সাধারণ এক কামরার বাড়িতে থাকার কথা বলতেন, তিনিই জনগণের করের টাকায় বিপুল অনিয়ম ও দুর্নীতি করেছেন। কপিল মিশ্রের আরও অভিযোগ, বাংলোর সজ্জায় বিভিন্ন দেশ থেকে সামগ্রী আনা হয়েছিল; ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছিল মার্বেল, পাশাপাশি বিদেশ থেকে ক্রোকারিজ ও টেবিলও আনা হয়েছিল।
নির্বাচনী প্রচারের সময় বিজেপিই এই বাংলোকে ‘শিশমহল’ আখ্যা দিয়ে সংস্কারের বিপুল খরচ নিয়ে প্রশ্ন তুলেছিল। ২০২৪ সালের অক্টোবর মাসে অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর পরিবার বাংলোটি ছেড়ে যাওয়ার পর পূর্ত বিভাগ (PWD) অভ্যন্তরীণ সামগ্রীর বিস্তারিত অডিট চালায়। বর্তমানে বাংলোটির দেখভালের জন্য প্রায় ১০ জন কর্মী নিযুক্ত রয়েছেন।