গ্যাসের দাম কমছে না কি মিলবে বাড়তি টাকা? রান্নার গ্যাস সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের

দেশের সাধারণ মানুষ ও মধ্যবিত্তের রান্নাঘরের বাজেটে স্বস্তি ফেরাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। বিশেষ করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) সঙ্গে যুক্ত সুবিধাভোগীদের জন্য দারুণ সুখবর সামনে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৬-২৭ অর্থবর্ষেও রান্নার গ্যাস সিলিন্ডারের ওপর ৩০০ টাকার ভর্তুকি প্রক্রিয়া একইভাবে জারি রাখার অনুমোদন দিয়েছে। এর ফলে দেশজুড়ে কোটি কোটি গরিব পরিবার এর সরাসরি সুফল পেতে চলেছেন।

কীভাবে মিলবে এই ভর্তুকি?

কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা বিস্তারিতভাবে জানিয়েছেন। তিনি জানান, সরকারের এই নতুন অনুমোদনের ফলে উজ্জ্বলা যোজনার যোগ্য সুবিধাভোগীরা ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারে নিয়মিত ৩০০ টাকা করে ভর্তুকি পেতেই থাকবেন। শুধু তাই নয়, এর পাশাপাশি ৫ কেজির ছোট সিলিন্ডারের ক্ষেত্রেও আনুপাতিক হারে এই ভর্তুকির সুবিধা প্রদান করা হবে।

কত টাকা খরচ করছে সরকার?

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই জনকল্যাণমূলক প্রকল্পে মোট ১২,০০১ কোটি টাকা খরচ করা হবে। সরকারের মূল লক্ষ্য হলো দেশের প্রতিটি কোণায় সর্বনিম্ন মূল্যে গ্রাহকদের কাছে এলপিজি সিলিন্ডার পৌঁছে দেওয়া। এই আর্থিক সহায়তার ফলে রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দামের বাজারে সাধারণ পরিবারগুলির ওপর থেকে চাপ অনেকটাই কমবে।

কত মানুষ পাবেন এই সুবিধা?

উল্লেখ্য, ২০১৬ সালের মে মাসে দরিদ্র পরিবারের নারীদের ধোঁয়াযুক্ত উনুনের হাত থেকে মুক্তি দিতে এবং স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুরু করা হয়েছিল। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে ইতিমধ্যেই প্রায় ১০.৫৭ কোটি রান্নার গ্যাসের সংযোগ প্রদান করা হয়েছে। সরকারের এই ধারাবাহিক ভর্তুকি নীতি দেশের প্রান্তিক মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

Aditi Banik
  • Aditi Banik