গয়না কেনার আগে বড় চমক! ডিসেম্বরে ফেডের সিদ্ধান্তে সোনার দামে কি বড় বদল?

অগ্রহায়ণ পেরিয়ে সামনেই পৌষ মাস। বাঙালি গেরস্থের ক্যালেন্ডারে পৌষ মাস মানেই বিয়ের মরশুমে সাময়িক বিরতি, আর গয়না কেনার জন্য অন্যতম ভালো সময়। চলতি বছরের শুরুতে সোনার দাম আকাশছোঁয়া হয়ে যাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছিল হলুদ ধাতু। বছরের শেষে এসে সেই চাপে বড়সড় স্বস্তি মিলেছে। জানুয়ারির রেকর্ড উচ্চতা থেকে প্রায় ২৯ শতাংশ কমে সোনার দাম এখন ১৪ মাসের সর্বনিম্ন স্তরের আশেপাশে রয়েছে। তবে ক্রেতা ও বিনিয়োগকারীদের মনে এখন একটাই প্রশ্ন—আগামী পৌষ মাসে, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়ে সোনার দাম কি আরও কমবে? বিশেষজ্ঞরা এখনই নিশ্চিত করে কিছু না বললেও আরও কিছুটা পতনের সম্ভাবনার কথাই ভাবছেন অনেকে।

চলতি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি ৫,৬০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। ভারতের বাজারে (MCX) ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর পৌঁছেছিল প্রায় ১ লক্ষ ৮১ হাজার টাকায়। সেই তুলনায় নভেম্বর মাসের শেষ সপ্তাহে কলকাতার বাজারে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট দুই ধরনের সোনার দামই অনেকটা নিচে নেমে এসেছে, ফলে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন মধ্যবিত্ত ক্রেতারা।

কী বলছে মার্কিন ফেড?
সোনার দামের ওঠানামা অনেকটাই নির্ভর করে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের নীতির ওপর। আগামী ৮ ও ৯ ডিসেম্বর ২০২৬ মার্কিন ফেডের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। ভারতীয় সময় ১০ ডিসেম্বর ভোরে, ঠিক পৌষ মাস শুরুর মুখে সেই বৈঠকের সিদ্ধান্ত জানা যাবে।

আমেরিকায় মুদ্রাস্ফীতির চাপ এখনও থাকায় ডিসেম্বর মাসের বৈঠকে ফেড ফের ২৫ বেসিস পয়েন্ট বা ০.২৫ শতাংশ সুদ বাড়াতে পারে বলে ৯৩ থেকে ৯৬ শতাংশ সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে সুদের হার ৩.৭৫% থেকে ৪.০০%-এর মধ্যে রয়েছে, যা বেড়ে ৪.০০% থেকে ৪.২৫% হতে পারে।

সুদ বাড়লে সোনার দামে কী প্রভাব পড়বে?
সেন্ট লুইস ফেড প্রেসিডেন্ট অ্যালবার্তো মুসালেমসহ একাধিক নীতিনির্ধারক ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৭ সালের বসন্তের আগে মুদ্রাস্ফীতি সামলাতে আরও এক দফা কঠোর মুদ্রানীতি বা সুদ বৃদ্ধির প্রয়োজন হতে পারে। সাধারণত মার্কিন ফেড সুদের হার বাড়ালে আমেরিকার ট্রেজারি বন্ড ইল্ড এবং ডলার সূচক আরও শক্তিশালী হয়। সোনা থেকে কোনো সুদ পাওয়া যায় না বলে বিনিয়োগকারীরা সোনা বিক্রি করে বন্ড ও ডলারে টাকা ঢালেন, যার ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে।

আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড বর্তমানে আউন্স প্রতি ৩,৬২০ থেকে ৩,৬৬০ ডলারের আশেপাশে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, সোনা যদি ৩,৫০০ ডলারের সাপোর্ট লেভেল ভেঙে নিচে নামে, তবে তা ৩,৩০০ ডলার পর্যন্ত নামতে পারে। সেক্ষেত্রে ভারতের বাজারে ২৪ ক্যারেট সোনার দাম ১০ গ্রামে ১ লক্ষ ১৭ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার ঘরে নেমে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত বাজার কোন দিকে যায়, তা সময়ই বলবে।