খাদ্য সরবরাহ চেইন পণ্ড করার ভয়ঙ্কর চক্রান্ত! ইউরোপের সুপারমার্কেটগুলোর ফ্রিজিং সিস্টেমে রহস্যময় সাইবার আক্রমণের জেরে তোলপাড়

চলতি সপ্তাহে ইউরোপের অন্তত ১০টি দেশের সুপারমার্কেট চেইনে একের পর এক রহস্যময় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এই ভয়াবহ সাইবার হানার জেরে সুপারমার্কেটগুলোর হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থার তাপমাত্রা অস্বাভাবিকভাবে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। এর ফলে খুচরা বিক্রেতারা বিপুল পরিমাণ হিমায়িত খাবার ফেলে দিতে বাধ্য হয়েছেন, যার জেরে কোটি কোটি ইউরোর খাদ্যপণ্য নষ্ট হয়েছে।
সাইবার হামলার শিকার হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত এই দেশগুলোর সুপারমার্কেটে এই আকস্মিক আঘাত খাদ্য সরবরাহ শৃঙ্খল ব্যাহত করার একটি সুগভীর চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইইউ কর্মকর্তারা। এর আগে তিন সপ্তাহ আগেও ফ্রান্সের প্রায় ৭০০টি মুদি দোকানে অনুরূপ সাইবার হামলায় বিশাল অঙ্কের ক্ষতি হয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের খাদ্য ও কৃষি বিষয়ক কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন জানিয়েছেন, জোটটি এই ঘটনাগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে এবং ভবিষ্যতে আরও বিশৃঙ্খলার আশঙ্কায় সতর্কবার্তা জারি করা হয়েছে। কমিশন জানিয়েছে, এই ঘটনাগুলো প্রমাণ করে যে কীভাবে সাইবার হামলা অত্যাবশ্যকীয় পরিষেবা এবং নাগরিকদের দৈনন্দিন জীবনকে বিপন্ন করে তুলতে পারে।
ইতালির গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকের পর জর্জা মেলোনির সরকার জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশ পুরনো নিরাপত্তা ব্যবস্থায় চলছিল, যেগুলোর ইন্টারফেস সরাসরি ইন্টারনেটে উন্মুক্ত ছিল। বেলজিয়ামের ডেলহাইজ সুপারমার্কেটের ম্যানেজার ম্যাথিউ টিলম্যান হতাশা প্রকাশ করে জানান, এমন ঘটনার পর হাজার হাজার টাকার খাবার ফেলে দেওয়া অত্যন্ত বেদনাদায়ক।
এদিকে আয়ারল্যান্ডের সুপারভ্যালুর ১৩টি স্টোর, নেদারল্যান্ডসের কিছু পাড়ার দোকান, জার্মানির রেভে বুস্কেন সুপারমার্কেট এবং পর্তুগালের ইন্টারমার্শে স্টোরগুলোও এই হামলার কবলে পড়েছে। সুইডেন, ফিনল্যান্ড এবং এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা সংস্থাও নিজ নিজ দেশে এই অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি ও হ্যাকিংয়ের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
পরিস্থিতির গুরুত্ব বুঝে যুক্তরাজ্যও নড়েচড়ে বসেছে। ব্রিটিশ ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার খুচরা বিক্রেতাদের ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার সফটওয়্যার অবিলম্বে হালনাগাদ করার জন্য সতর্ক করেছে। আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বড় ধরনের হাইব্রিড সাইবার হামলা মোকাবিলায় গোটা ইউরোপের খাদ্য সরবরাহ শৃঙ্খল জুড়ে এখন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।