“কুমাতা কভুও নয়”? দু’বছরের একরত্তি ছেলেকে গলা টিপে খুনের অভিযোগ খোদ মায়ের বিরুদ্ধে! মথুরাপুরে চাঞ্চল্য

কথায় বলে, “কুপুত্র যদি বা হয়, কুমাতা কভুও নয়।” কিন্তু সেই চিরন্তন প্রবাদকে ভুল প্রমাণ করে মা যখন অপরাধের কাঠগড়ায় এসে দাঁড়ান, তখন তা গোটা সমাজকে স্তব্ধ করে দেয়। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানা এলাকার একটি ঘটনা ঠিক তেমনই নাড়িয়ে দিয়েছে এলাকাবাসীকে। মাত্র দু’বছরের একরত্তি শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দুর্গাপুর এলাকায়। নিজের দুই বছরের অবুঝ ছেলেকে গলা টিপে খুন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে খোদ মায়ের বিরুদ্ধে! মৃত শিশুর নাম রক্তিম হালদার। এই নৃশংস ঘটনায় অভিযুক্ত মা কেতকী হালদারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিশ।

সুন্দরবন জেলা পুলিশ সুপার বিশ্বচাঁদ ঠাকুর জানান, শিশুর বাবা ও দিদার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেল পাঁচটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময়ই একরত্তি রক্তিমকে গলা টিপে হত্যা করা হয়। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিল অভিযুক্তের আগের পক্ষের ১৩ বছরের এক নাবালক ছেলেই। সে-ই পরিবারের অন্য সদস্যদের এই হত্যাকাণ্ডের কথা প্রথম জানায়। এর পরেই গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শুধু শিশুটিকে খুন করাই নয়, হত্যার পর তার দেহ স্থানীয় একটি পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনাও করেছিল অভিযুক্ত মা। ঘটনার সময় উপস্থিত থাকা ওই নাবালক ছেলেকে কোনোভাবে ভয় দেখানো হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে মৃতের পরিবার। বর্তমানে ওই নাবালকের দেওয়া তথ্য এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যাকাণ্ডের নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।