একাদশ পাশ হয়েই বড় হাসপাতালে ডাক্তার! জাল এমবিবিএস ও এমডি-তে সোনোগ্রাম, পর্দাফাঁস

ডাক্তারি পাশ না করেই এমবিবিএস (MBBS) ও এমডি (MD) ডিগ্রি ব্যবহার করে বড় হাসপাতালে চাকরি পাওয়ার অভিযোগে বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, দ্বাদশ শ্রেণি পাশ না করা এক ব্যক্তি জাল ডিগ্রি দেখিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে চুক্তিভিত্তিক জুনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করছিলেন। এই ঘটনায় মূল অভিযুক্তসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।

কীভাবে জাল ডিগ্রি তৈরি ও ব্যবহার হতো? পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত চক্রটি জাল এমবিবিএস, এমডি এবং ডিএমআরডি (DMRD) সার্টিফিকেট তৈরি করত। নথি যাচাইয়ের সময় যাতে সেগুলো আসল বলে মনে হয়, সেজন্য ভুয়ো তথ্য কিছু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইনে আপলোড করা হতো। এই জাল নথির ওপর ভিত্তি করেই অভিযুক্তরা বিভিন্ন রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন করাত এবং হাসপাতালে চাকরি পেত।

একাদশ পাশ থেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ এসওজি জানিয়েছে, অভিযুক্ত রামকিশোর মাহাওয়ার মাত্র একাদশ শ্রেণি পাশ। অভিযোগ, জাল দ্বাদশ শ্রেণি, এমবিবিএস, স্ত্রীরোগবিদ্যায় এমডি এবং ডিএমআরডি সার্টিফিকেট পেতে সে ৫.৫ লক্ষ টাকা দিয়েছিল। এরপর ২০২৫ সালের জুন মাসে সফদরজং হাসপাতালে চুক্তিভিত্তিক জুনিয়র রেসিডেন্ট হিসেবে চাকরি পায় সে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞ সেজে মহিলা রোগীদের সোনোগ্রামও করত এবং দিল্লির একটি হাসপাতালে কর্মরত থাকাকালীন প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ জন মহিলার সোনোগ্রাম করত।

আগের কর্মজীবন ও চক্রের খোঁজ তদন্তে পুলিশ জানতে পেরেছে, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত স্যার গঙ্গা রাম হাসপাতালে নার্সিং সহকারী হিসেবে কাজ করেছিল রামকিশোর। সেই সময় সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে জাল ডিগ্রি বিক্রিকারী ওই চক্রের খোঁজ পায় সে এবং টাকার বিনিময়ে সার্টিফিকেটগুলো কেনে। এর আগে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দৌসার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসকের সহকারী এবং বায়ানার একটি বেসরকারি হাসপাতালে কাজ করেছিল সে, যেখানে আলট্রাসাউন্ডের কাজ শেখে।

পুলিশের দাবি, দিল্লি মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত করার আগে উত্তরপ্রদেশের একটি কলেজের জাল এমবিবিএস ডিগ্রি দেখিয়ে রাজস্থান ও মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিলেও রেজিস্ট্রেশন করিয়েছিল রামকিশোর। এই আন্তঃরাজ্য চক্রের শিকড় খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।