অনুষ্ঠান সেরে ফেরার পথে ভয়াবহ সংঘর্ষ! জখম রাজ্যসভার সাংসদ লক্ষ্মী ভার্মা

অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় জখম হলেন বিজেপি সাংসদ। ছত্তীসগঢ়ের রায়পুর জেলায় জখম হন বিজেপির রাজ্যসভার সদস্য লক্ষ্মী ভার্মা ও তাঁর গাড়ির চালক। অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। গতকাল সন্ধেয় বলোদাবাজার-রায়পুর রোডে ঘটনাটি ঘটে। খরোরা থানা এলাকার অন্তর্গত দুর্ঘটনাস্থলটি। এক আধিকারিক জানান, বলোদাবাজার-ভাটপাড়া জেলায় একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন সাংসদ। ওই গাড়িতে সাংসদ-পুত্র এবং এক নিরাপত্তাকর্মীও ছিলেন।

ওই আধিকারিক জানান, গাড়ি দুর্ঘটনায় ৫৯ বছর বয়সী বিজেপি নেত্রী ও তাঁর গাড়িচালক জখম হয়েছেন। এছাড়া অন্য গাড়িটিতে থাকা তিনজন যাত্রীও সামান্য আঘাত পেয়েছেন। তিনি আরও জানান, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভার্মাকে রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

এইমস-এর একজন জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে, ভার্মার ডান হাতে চিড় ধরা পড়েছে এবং তাঁর চিকিৎসা চলছে।

শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভার্মার দ্রুত আরোগ্য কামনা করেছেন।