অক্সফোর্ড যাওয়ার পথে বিমানবন্দরে আটকে গেলেন সৌরভ! সিজেপি-র তিন নেতার বিরুদ্ধে লুকআউট নোটিশ

গত ২ অক্টোবর মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভের জেরে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র তিন নেতার বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করল মুম্বই পুলিশ। বৃহস্পতিবার এই নোটিশ জারি করা হয়েছে দলের ন্যাশনাল-কনভেনর অভিজিৎ ডিপকে এবং কো-কনভেনর আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে। চলতি সপ্তাহের শুরুতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌরভ দাসকে বিদেশযাত্রার উড়ানে উঠতে বাধা দেওয়ার পর বিষয়টি সামনে আসে এবং তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন।

বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে শুনানির সময় বিচারপতি অমিত মহাজনকে কেন্দ্রীয় সরকার জানায়, মহারাষ্ট্র পুলিশের বিশেষ অনুরোধেই সৌরভের বিদেশযাত্রায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২৩ নভেম্বর রাতে অক্সফোর্ডের একটি প্যানেল ডিসকাশনে যোগ দিতে যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল সৌরভের। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁকে আটকে জানায় যে তাঁর পাসপোর্টে একটি অ্যাকটিভ অ্যালার্ট রয়েছে। এরপরই তিনি আদালতের শরণাপন্ন হন।

শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল চেতন শর্মা আদালতে জানান, রেকর্ড খতিয়ে দেখার সময় সৌরভের শিক্ষাগত যোগ্যতা, বাড়ির ঠিকানা এবং পৈতৃক পরিচয়ের তথ্যে বিস্তর অসঙ্গতি ধরা পড়েছে। এর জেরে তাঁর নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়।

যদিও এই নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেন সৌরভের আইনজীবী তথা সিনিয়র অ্যাডভোকেট অখিল সিব্বল। তাঁর সওয়াল, বিমানবন্দরে পৌঁছনোর আগে তাঁর মক্কেলকে কোনও আগাম নোটিশ বা আইনি নথি দেওয়া হয়নি। ফ্লাইটের ঠিক আগে একটি শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হয় এবং জবাব দেওয়ার কোনও সময়ও দেওয়া হয়নি। বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও বিদেশ ভ্রমণের মৌলিক অধিকার থেকে এভাবে বঞ্চিত করার বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন সিব্বল।

লুকআউট সার্কুলারের কপি এবং অভিযোগের বিস্তারিত জানতে চাইলে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান, চলতি শুনানিতে সরাসরি ওই নথি পেশ করা সম্ভব নয়। তবে আবেদনকারী চাইলে ওই সার্কুলারের বিরুদ্ধে আলাদাভাবে আইনি পদক্ষেপ করতে পারেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর শিবাজি পার্ক থানায় মূল এফআইআর দায়ের করা হয়। আয়োজকদের নাম উল্লেখ করার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র ১৮৯ (বেআইনি জমায়েত) এবং ২২৩ (সরকারি কর্মীর বৈধ নির্দেশ অমান্য করা) ধারায় ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।