খাবার কমলেও মান বাড়ছে? তিন বন্দে ভারত স্লিপারে বিমানের মতো নতুন মেনু চালু করল রেল

দূরপাল্লার ট্রেনের খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ কমাতে নতুন উদ্যোগ নিল ভারতীয় রেল ও আইআরসিটিসি। পদের ভিড় বাড়ানোর বদলে কম পদে মানসম্মত খাবার দেওয়ার লক্ষ্যে বিমানের ধাঁচে একটি নতুন কম্প্যাক্ট মেনু চালু করা হয়েছে। আপাতত পাইলট প্রোজেক্ট হিসেবে মুম্বই-বেঙ্গালুরু, হাওড়া-কামাখ্যা এবং নয়াদিল্লি-বারাণসী রুটের তিনটি বন্দে ভারত স্লিপার ট্রেনে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এই পাইলট প্রোজেক্টে রেলের নিজস্ব রান্নাঘর বা পুরোনো ঠিকাদারদের বদলে প্রথম সারির ক্লাউড কিচেন ও হোটেল গোষ্ঠীগুলি খাবার তৈরি করছে। রেলের এক আধিকারিকের বক্তব্য অনুযায়ী, কামাখ্যা রুটের জন্য মেফেয়ার গ্রুপ, হাওড়ায় তাজস্যাটস এবং বাকি দুই বন্দে ভারত ট্রেনের জন্য সরোবর পোর্টিকো গ্রুপের সঙ্গে চুক্তি করেছে আইআরসিটিসি। বিমান সংস্থা ও নামী হোটেলে খাবার সরবরাহ করা সেল কিচেন থেকেই এই খাবার প্যাকেটজাত করে যাত্রীদের দেওয়া হচ্ছে।
নতুন নিয়মে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের তালিকা অনেকটাই ছাঁটাই করা হয়েছে। উদাহরণস্বরূপ, মুম্বই-বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার ট্রেনের মেনুতে বড় পরিবর্তন এসেছে:
ব্রেকফাস্ট: এখন থেকে শুধু চাটনি ও সম্বর সহ ইডলি-বড়া, অথবা পোহা কিংবা উপমা পরিবেশন করা হবে। স্যুপ, ডিমের অমলেট, স্যান্ডউইচ, বাটারমিল্ক এবং চকোলেট মেনু থেকে বাদ পড়েছে।
লাঞ্চ ও ডিনার: থাকছে রুটি, ভাত, ডাল এবং চিকেন বা সবজির যেকোনো একটি মূল পদ। আগে থাকা শুকনো সবজি, দই, স্যালাড, আচার ও মিষ্টি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
পদের সংখ্যা কমায় প্রতি বেলার খাবারের মোট ওজন ৭০০ থেকে ৭৫০ গ্রাম থেকে কমে ৪৫০ থেকে ৫০০ গ্রামে নেমে এসেছে। তবে আইআরসিটিসি-র আধিকারিকরা জানিয়েছেন, প্রতিটি পদের পরিমাণে কোনো কাটছাঁট করা হয়নি। আইআরসিটিসি-র ওয়েস্ট জোনের গ্রুপ জেনারেল ম্যানেজার জানিয়েছেন, ক্লাউড কিচেন থেকে খাবার সরবরাহ শুরুর পর যাত্রীদের অভিযোগ প্রায় ১০ শতাংশ কমেছে। এই পরীক্ষামূলক ব্যবস্থা সফল হলে ভবিষ্যতে রাজধানী বা শতাব্দীর মতো অন্যান্য প্রিমিয়াম ও দূরপাল্লার ট্রেনেও এই মডেল চালুর কথা ভাবছে রেল।