মুক্তির আগেই রেকর্ড! অ্যাডভান্স বুকিংয়েই ১০ কোটির গণ্ডি পার ‘দৃশ্যম ৩’, কে কত টাকা নিলেন?

২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘দৃশ্যম ৩’ (Drishyam 3)। দর্শকরা মুখিয়ে আছেন পর্দায় শেষবারের মতো ‘বিজয় সালগাওকর’-এর বুদ্ধিমত্তার খেলা দেখতে। গোটা গল্পের শেষ অঙ্কে কী রহস্য লুকিয়ে রয়েছে, তা জানতে উদগ্রীব গোটা দেশের সিনেমাপ্রেমীরা। তবে ছবি মুক্তির ঠিক আগেই ফাঁস হয়ে গেল এই ছবির কাস্টিং ও তাঁদের পারিশ্রমিক সংক্রান্ত চাঞ্চল্যকর তথ্য।

রিপোর্ট অনুযায়ী, ‘দৃশ্যম ৩’ ছবিতে আইকনিক চরিত্র ‘বিজয় সালগাওকর’ হিসেবে কামব্যাক করতে অভিনেতা অজয় দেবগন নিয়েছেন প্রায় ১৮ থেকে ২২ কোটি টাকা। তবে অবাক করা বিষয় হলো, এর আগের সিক্যুয়েল অর্থাৎ ‘দৃশ্যম ২’-এর তুলনায় এই ছবির জন্য কিছুটা কম পারিশ্রমিক নিয়েছেন তিনি। এর আগে ‘দৃশ্যম ২’-এর জন্য তিনি প্রায় ৩০ কোটি টাকা নিয়েছিলেন। অন্যদিকে, এই ছবিতে আইজি ‘মীরা দেশমুখ’ চরিত্রে আবারও ফিরছেন টাবু। চরিত্রের গুরুত্ব অনুযায়ী তিনি এই ছবির জন্য পেয়েছেন আড়াই থেকে সাড়ে তিন কোটি টাকা। অজয় দেবগনের তুলনায় তাঁর পারিশ্রমিক বেশ খানিকটা কম হলেও তা যথেষ্ট আকর্ষক।

পাশাপাশি, অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলির পারিশ্রমিকের তালিকাও প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, প্রধান চরিত্রে থাকা শ্রেয়া শরণ এই ছবির জন্য পেয়েছেন ১ কোটি টাকা। অন্যদিকে, ‘বিজয় সালগাওকর’-এর পালিতা মেয়ের চরিত্রে অভিনয় করা ঈশিতা দত্ত পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ৫০ লাখ টাকা। পাশাপাশি, ‘মীরা দেশমুখ’-এর স্বামীর ভূমিকায় অভিনয় করা রজিত কাপুর পেয়েছেন ৪০ থেকে ৭০ লাখ টাকার মধ্যে। তবে সবচেয়ে বড় চমক হল এই ছবিতে অক্ষয় খান্নার জায়গায় নতুন তদন্তকারী অফিসার হিসেবে যুক্ত হয়েছেন জয়দীপ আহলাওয়াত। যদিও তাঁর পারিশ্রমিকের সঠিক অঙ্কটি এখনও প্রকাশ্যে আসেনি।

উল্লেখ্য, ‘দৃশ্যম ৩’ বা ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ ছবিটির পরিচালনা করেছেন অভিষেক পাঠক। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া শরণ ও জয়দীপ আহলাওয়াত। বলিউডের এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির আগের দুটি ছবিই বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। ফলে ‘দৃশ্যম ৩’ ঘিরে উন্মাদনা এখন তুঙ্গে। ছবি মুক্তির আগের পরিসংখ্যান বলছে, বক্স অফিসে ইতিমধ্যে ঝড় তুলেছে এই সিনেমা। গত ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অ্যাডভান্স বুকিংয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৪ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। ২৯ সেপ্টেম্বর সকালের হিসাব অনুযায়ী, মুক্তির আগেই অগ্রিম বুকিং থেকে ছবিটি ১০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে। সব মিলিয়ে, বক্স অফিসে এটি যে একটি বড় রেকর্ড গড়তে চলেছে, তা বলাই বাহুল্য।