ট্রেলার আসতেই তুঙ্গে উত্তেজনা! ভারতে ফাওয়াদ খানের নতুন সিরিজ আটকাতে মোদিকে চিঠি

একসময় সীমান্তের এপারেও তাঁদের পর্দার রসায়ন দর্শকদের মন জয় করেছিল। দীর্ঘদিন পর আবারও একই প্রজেক্টে দেখা যেতে চলেছে ফাওয়াদ খান ও মাহিরা খানকে। নেটফ্লিক্সে আসতে চলা ওয়েব সিরিজ ‘জো বচে হ্যায়ঁ সঙ্গ সমেট লো’ ঘিরে এবার শুরু হয়েছে নতুন বিতর্ক—ভারতে এই সিরিজের মুক্তি নিষিদ্ধ করার দাবি উঠেছে।
বহু বছর বাদে ফাওয়াদ ও মাহিরাকে একসঙ্গে দেখার আশায় অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। ট্রেলার প্রকাশ্যে আসার পর সেই উন্মাদনা আরও বেড়েছে, যদিও এই সিরিজে দু’জনকে পরস্পরের বিপরীতে দেখা যাবে না। এর মাঝেই ভারতে এই ওয়েব সিরিজের প্রদর্শন আটকাতে সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। ভারতে যাতে সিরিজটি দেখানো না হয়, সেই আর্জি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
সাহিত্যিক ফরহত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘জো বচে হ্যায়ঁ সঙ্গ সমেট লো’, যেখানে তিন প্রজন্মের ছয়টি প্রেমের গল্প বোনা হয়েছে। ফাওয়াদ ও মাহিরার পাশাপাশি অভিনয় করেছেন আহাদ রজা মির, হানিয়া আমির, সনম সইদ এবং ইকরা আজিজ। আগামী ৪ ডিসেম্বর সিরিজটি মুক্তির কথা থাকলেও ভারতে এটি দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও স্পষ্ট কোনো বক্তব্য মেলেনি।
কেমন হতে চলেছে গল্প ও চরিত্রগুলো?
গত ২৪ নভেম্বর সিরিজটির ট্রেলার মুক্তি পেয়েছে, পাশাপাশি প্রকাশিত হয়েছে এর ছয়টি অরিজিনাল সাউন্ড ট্র্যাক। রোমে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত আইনজীবী সিকন্দরের গল্প দিয়েই কাহিনির শুরু, যে চরিত্রে রয়েছেন আহাদ রজা মির। অতীতের ক্ষত বয়ে বেড়ানো সিকন্দরের জীবনে শিল্পী লিজ়ার (ইকরা আজিজ) আগমনের পর ঘনিষ্ঠতা বাড়ার সঙ্গে সঙ্গে ফিরে আসতে থাকে পুরনো স্মৃতি ও অতীত।
অন্যদিকে, মেহমুদের ভূমিকায় দেখা যাবে ফাওয়াদ খানকে, যিনি পরিস্থিতির চাপে নিজের গ্রামে ফিরে পরিবার ও গোষ্ঠীর দায়িত্ব কাঁধে তুলে নেন; তাঁর বিপরীতে আছেন সনম সইদ। রাহাতের চরিত্রে মাহিরা খানের বিপরীতে অভিনয় করেছেন বিলাল আশরফ। এছাড়া গার্হস্থ্য হিংসার শিকার কুলসুমের চরিত্রে রয়েছেন হানিয়া আমির, যাঁর বিপরীতে দেখা যাবে কুশাল খানকে। গুরুত্বপূর্ণ অন্যান্য চরিত্রে আরও রয়েছেন হামজা আলি আব্বাস, মায়া আলি, আমিনা শেখ এবং ওমের রানা।