জীতুকে আড়ালে ‘আই লাভ ইউ’ সৃজলার! বিগ বস বাংলায় শেষ নমিনেশনে বড় চমক

বিগ বস বাংলা সিজন ৩-এর ট্রফি কার হাতে উঠবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ছয় নভেম্বর ফাইনালের আগে টপ ফাইভে কারা জায়গা করে নেবেন, সেই হিসাবনিকাশ শুরু হয়ে গিয়েছে। এই আবহে চব্বিশ নভেম্বর প্রচারিত পর্বে ঘরের শেষ নমিনেশন প্রক্রিয়াকে কেন্দ্র করে বড় নাটকীয় মোড় দেখা গেল। এদিনের পর্বে যেমন প্রতিযোগীদের বন্ধুত্বে ফাটল ধরা পড়ল, তেমনই পুরনো বিরোধও নতুন করে মাথাচাড়া দিল। এর পাশাপাশি প্রথমবার জীতু কমলের প্রতি সৃজলার মনের কথাও আড়ালে প্রকাশ্যে এল।

পর্বে দেখা যায়, গভীর রাতে জীতু কমল সৃজলার হাত ধরে বারবার তাঁর মনের আসল কথা জানতে চান। তবে জীতু সামনে থাকা অবস্থায় সৃজলা কোনও জবাব দেননি। জীতু সেখান থেকে উঠে যাওয়ার পরপরই সৃজলাকে একা একা ফিসফিস করে আই লাভ ইউ বলতে শোনা যায়। এই ঘটনার পর রাত সাড়ে তিনটে নাগাদ দুজনের মধ্যে সম্পর্ক ও ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা হয়। সৃজলা জানান, তাঁর কাঁধে অনেক দায়িত্ব রয়েছে এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই তিনি বর্তমান সম্পর্কের সিদ্ধান্ত নিয়েছেন।

সৃজলার এই যুক্তির জবাবে জীতু দাবি করেন যে, স্বাধীনচেতা স্বভাবের কারণে সৃজলার বর্তমান সম্পর্ক দু বছরও টিকবে না। পাশাপাশি জীতু স্পষ্ট করে জানান, সৃজলাকে ছেড়ে থাকা তাঁর পক্ষে কঠিন এবং ফিনালের পর তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর আগেও বিগ বসের ঘরে জীতু সৃজলাকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দিয়েছিলেন এবং চিরকুট লিখেছিলেন, কিন্তু তখন সৃজলা সরাসরি না বলে দিয়েছিলেন। এবার অন্তত সৃজলার মনের অনুভূতি কিছুটা হলেও সামনে এসেছে।

অন্যদিকে, শেষ নমিনেশন প্রক্রিয়ায় একাধিক তীব্র বিতর্কের সাক্ষী থাকে ঘর। নমিনেশন ও সৃজলার বিভিন্ন মন্তব্যকে ঘিরে রাজবীর ও সৃজলার মধ্যে প্রবল বচসা বাধে। সৃজলার মন্তব্যে সৌরভ ও রাজবীরের বন্ধুত্ব নিয়েও প্রশ্ন ওঠে, আর দুর্নিবারকেও সৃজলাকে নিয়ে কড়া মন্তব্য করতে দেখা যায়। এদিনের নমিনেশনে বেশিরভাগ প্রতিযোগীর নিশানায় ছিলেন রাজবীর ও সৃজলা। জীতু কমল যখন রাজবীরকে নমিনেট করেন, তখন অনেকেই অবাক হন। জীতু জানান, সৃজলা ও তাঁকে নিয়ে রাজবীরের মন্তব্যে তিনি দুঃখ পেয়েছেন। পরে রাজবীর ক্ষমা চেয়ে জানান, তিনি এই নমিনেশন পাওয়ার যোগ্য ছিলেন।

মনামী এবং তনুশ্রী যখন সৃজলাকে নমিনেট করেন, তখন তাঁদের দেওয়া যুক্তি মানতে চাননি সৃজলা। তাঁদের বক্তব্য ছিল, প্রথম দিকে সৃজলা যেভাবে খেলতেন, এখন আর সেভাবে খেলছেন না। এই নিয়ে নমিনেশন পর্বে তর্কাতর্কি জমে ওঠে, এমনকি তনুশ্রী রাজবীরকে নমিনেট করার সময় দুজনের মধ্যে তুমুল বচসা শুরু হয়। সব মিলিয়ে এই সপ্তাহে নমিনেটেড হয়েছেন রাজবীর, তনুশ্রী, নিরঞ্জন ও সৃজলা। সপ্তাহান্তে কার সফর এখানেই শেষ হয়, তা জানার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।