‘আমরা কি ভিখারী?’ সপার ২৬ আসনের প্রস্তাবে ফুঁসছেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ!

উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে জোটের ভবিষ্যৎকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে একাধিক আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল সমাজবাদী পার্টি। বেহত, সাহারানপুর ও কাইরানা কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম সামনে এনেছে দলটি। এর মধ্যে বেহত আসন থেকে উমর আলি খান, সাহারানপুর থেকে আশু মালিক এবং কাইরানা থেকে নাহিদ হাসানকে প্রার্থী করা হয়েছে। উত্তর প্রদেশের মোট ৪০৩টি আসনে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই দু দফায় আলোচনা হয়েছে সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে, কিন্তু সেই বৈঠকগুলো চূড়ান্ত সমাধান আনতে পারেনি বরং দুই দলের দূরত্ব ও মতবিরোধ আরও প্রকট হয়েছে।

এই পরিস্থিতিতে সমাজমাধ্যমে বার্তা দিয়ে সপা প্রধান অখিলেশ যাদব দাবি করেছেন যে, বিজেপি-কে পরাজিত করার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ দুই দলের সামনে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। তাঁর মতে, নিছক আসন সংখ্যার অঙ্কের চেয়েও কোন কেন্দ্রে জয়ের সম্ভাবনা বেশি, সেটাই এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। তবে সপার এই অবস্থান ও একতরফা প্রার্থী ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ তথা উত্তর প্রদেশে দলের কার্যনির্বাহী সভাপতি ইমরান মাসুদ।

জানা গিয়েছে, সমাজবাদী পার্টি কংগ্রেসকে মাত্র ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দিয়েছে। সেই প্রস্তাবে ক্ষুব্ধ ইমরান মাসুদ প্রশ্ন তুলেছেন, কংগ্রেসকে কি ভিখারী মনে করা হচ্ছে এবং এমন চোখেই কি দেখা হবে। তাঁর ক্ষোভ, আসন দাবি করার আগেই ২৬টি আসন ঠিক করে দেওয়া হয়েছে, যা আত্মসম্মানে আঘাত হানে। তিনি স্পষ্ট করেছেন যে, যাঁদের আত্মসম্মান রয়েছে, তাঁদের কাছে এমন আচরণ গ্রহণযোগ্য নয় এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই চাপিয়ে দেওয়ার এই ধরন মানা যায় না।

কংগ্রেস মহলের খবর অনুযায়ী, ইমরান মাসুদের অসন্তোষ আরও বেড়েছে কারণ বেহত এবং সাহারানপুর আসনেও প্রার্থী ঘোষণা করে দিয়েছে সমাজবাদী পার্টি। নিজের জেলার এই দুটি আসনে কংগ্রেস প্রার্থী দিতে চেয়েছিলেন ইমরান মাসুদ এবং তাঁর মতে, এখনো ওই দুই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দেওয়া উচিত। একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে জোটধর্ম লঙ্ঘন করা হয়েছে বলেই মনে করছেন তিনি।

এদিকে সাহারানপুরকে ঘিরে কংগ্রেসের বড় পরিকল্পনা ছিল বলে জানা গিয়েছে। এমনকি আগামী ডিসেম্বর মাসে সাহারানপুর থেকেই উত্তর প্রদেশে রাহুল গান্ধির প্রচার অভিযান শুরু করার কথা ছিল। ফলে সেখানে সমাজবাদী পার্টির প্রার্থী ঘোষণায় জোটের রাজনৈতিক সমীকরণ ও প্রচার পরিকল্পনা নতুন জটিলতায় পড়েছে।