এপ্রিলে বিরোধিতা, নভেম্বরে এনডিএ-র হাত ধরল কারা? ডিলিমিটেশন বিলে বদলাল সমীকরণ

মাঝে মাত্র সাত মাস। তাতেই বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। গত এপ্রিলে যারা লোকসভায় আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই এবার এনডিএ-র সঙ্গে হাত মিলিয়েছেন। সোমবার (৩০ নভেম্বর) থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে ফের সংবিধানের ১৩১তম সংশোধনী বিল পেশ করবে কেন্দ্রীয় সরকার। এই বিলের লক্ষ্য লোকসভার আসনসংখ্যা বৃদ্ধি করে নতুন ডিলিমিটেশন প্রক্রিয়ার পথ প্রশস্ত করা। এপ্রিলে বিরোধিতা করলেও এবার কোন দলগুলি এনডিএ-র পক্ষে দাঁড়িয়েছে, তা নিয়েই চলছে জোর চর্চা।

এপ্রিলে কী হয়েছিল?

গত ১৭ এপ্রিল প্রথমবার এই বিল পাশ করানোর চেষ্টা ব্যর্থ হয়। লোকসভায় বিলের পক্ষে ভোট পড়েছিল ২৯৮টি, বিপক্ষে ২৩০টি। মোট ৫২৮ জন সাংসদ ভোটাভুটিতে অংশ নেন। সংবিধান সংশোধনী বিল পাশ করাতে প্রয়োজন ছিল দুই-তৃতীয়াংশ, অর্থাৎ ৩৫২টি ভোট। ফলে প্রয়োজনীয় সংখ্যার চেয়ে ৫৪টি ভোট কম পেয়েছিল এনডিএ।

নভেম্বরে সমীকরণ বদল

২০২৬ সালের নভেম্বর পর্যন্ত লোকসভায় মোট সাংসদ সংখ্যা ৫৪০। তিনটি আসন খালি। সব সাংসদ ভোট দিলে বিল পাশ করাতে পক্ষে প্রয়োজন ৩৬০টি ভোট। বর্তমানে এনডিএ-র সাংসদ সংখ্যা বেড়ে হয়েছে ৩২০। এপ্রিলে যা ছিল ২৯৩। এই সংখ্যা বৃদ্ধির পিছনে মূলত দু’টি বড় কারণ রয়েছে।

প্রথমত, তৃণমূল কংগ্রেসের ২০ জন বিদ্রোহী সাংসদ এখন নিজেদের এনসিপিআই (NCPI) সাংসদ বলে দাবি করছেন এবং এনডিএ-কে সমর্থনের কথা ঘোষণা করেছেন। তবে সরকারি নথিতে এই ২০ জন এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবেই রয়েছেন। এনসিপিআই-এর সঙ্গে তাঁদের প্রস্তাবিত সংযুক্তির বিষয়টি স্পিকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দ্বিতীয়ত, শিবসেনা (ইউবিটি)-র ৯ জনের মধ্যে ৬ জন সাংসদ শিবসেনায় যোগ দিয়ে এনডিএ-কে সমর্থন জানিয়েছেন। এপ্রিলে এই ২৬ জনই বিলের বিরোধিতায় ভোট দিয়েছিলেন।

এনডিএ-র বাইরে থাকা যে দলগুলি সমর্থন করতে পারে

এবার এনডিএ-র বাইরে থাকা তিনটি দল এই বিলকে সমর্থন করতে পারে বলে খবর। দলগুলি হল—ডিএমকে (২২), এনসিপি (শরদচন্দ্র পাওয়ার) (৮) এবং ওয়াইএসআরসিপি (৪)। এই তিনটি দলই যদি এনডিএ-কে সমর্থন করে, তাহলে লোকসভায় তাদের সর্বোচ্চ সমর্থন দাঁড়াবে ৩৫৪টি আসনে। আসনসংখ্যার হিসাবে লোকসভায় এনডিএ-র ঘাটতি এপ্রিলে ৫৪টি ভোট থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৬-এ। তবে রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকের পর বিজেপি সূত্রের দাবি, প্রয়োজনীয় সংখ্যার চেয়ে বেশি সাংসদের সমর্থন রয়েছে তাদের সঙ্গে।

শেষ হাসি কার?

সব মিলিয়ে ডিলিমিটেশন বিল নিয়ে লোকসভায় ভোটাভুটির আগে সংখ্যার অঙ্কই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের অবস্থান, ডিএমকে-র সমর্থন এবং শিবসেনার যোগদান—এই সবকিছু মিলিয়ে এনডিএ-র সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে। তবে স্পিকারের অনুমোদন এবং ভোটের দিন উপস্থিতি ও দলীয় অবস্থানের উপরই চূড়ান্ত ফলাফল নির্ভর করছে।