এলওসি পেরিয়ে পুঞ্চে ঢুকে পড়ল পাক নাগরিক, আটক করে জেরা করছে সেনা

জম্মু ও কাশ্মীরের সীমান্তে ফের চাঞ্চল্য। এলওসি (নিয়ন্ত্রণরেখা) পেরিয়ে পুঞ্চ জেলায় ঢুকে পড়ার সময় এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে ভারতীয় সেনা। ধৃতের নাম মহম্মদ জামিল, বাবা গুলাম হুসেন, বাড়ি পাকিস্তানের কাকুতা এলাকায়। খারি কর্মারা সেক্টর দিয়ে ওই ব্যক্তি ভারতে ঢোকার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
খবর অনুযায়ী, খারি কর্মারা এলাকায় টহল দেওয়ার সময় ওপার থেকে সন্দেহজনক নড়াচড়া দেখতে পান সেনা জওয়ানরা। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে এলাকাটি ঘিরে ফেলেন তাঁরা। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেই ওই ব্যক্তিকে ধরে ফেলেন। কর্মারা গ্রামের রঙ্গর নাল্লার কাছ থেকে তাঁকে পাকড়াও করা হয়।
বর্তমানে ওই ব্যক্তিকে জেরা করছেন নিরাপত্তা ও গোয়েন্দা আধিকারিকরা। তিনি ভুল করে সীমান্ত পেরিয়ে এসেছেন, নাকি এর পিছনে বড় কোনও মতলব রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা আধিকারিকদের কথায়, ভারতীয় বাহিনীর নজরদারি পরখ করতে এবং সীমান্তের ফাঁক খুঁজতে অনেক সময় সাধারণ মানুষকে এলওসি-র দিকে পাঠায় পাকিস্তানি সেনা।
উল্লেখ্য, এর ঠিক আগের দিন পাঞ্জাবের বামিয়াল সেক্টরে ভারতে ঢোকার চেষ্টার সময় বিএসএফ-এর গুলিতে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছিল। তার পরদিনই পুঞ্চের এই ঘটনা ঘটল। ফলে সীমান্তে পাকিস্তানের তরফ থেকে নতুন করে অনুপ্রবেশের ছক শুরু হয়েছে বলে আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনী।