কলকাতা পুরনিগমে ৭ হাজার কোটি টাকার অনাদায়ী কর! প্রকৃত বকেয়া জানতে ‘ব্যাড ডিমান্ড’ যাচাই শুরু

কোষাগারের চাপ সামলাতে এবং প্রকৃত বকেয়া করের হিসাব বের করতে এবার বড়সড় পদক্ষেপ করল কলকাতা পুরনিগম। পুরনিগমের খাতায় প্রায় ৭ হাজার কোটি টাকার অনাদায়ী সম্পত্তি কর জমে থাকলেও, এর মধ্যে একটি বড় অংশ বাস্তবে অস্তিত্বহীন বলে সূত্রের খবর। সেই অস্তিত্বহীন বকেয়া কর চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুরনিগমের সম্পত্তি কর মূল্যায়ন বিভাগ।
এক পুর আধিকারিক জানিয়েছেন, অস্তিত্বহীন অনাদায়ী সম্পত্তি করের বিল বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগলেও, এর ফলে সম্পত্তি কর বাবদ পুরনিগমের প্রকৃত প্রাপ্য টাকার অঙ্ক স্পষ্ট হবে। সেই সঠিক হিসাব হাতে এলে বকেয়া কর আদায়ে নামা সহজ হবে এবং পুরনিগমের কোষাগারের হাল ফেরাতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
পুরনিগম সূত্রে জানা গেছে, কর মূল্যায়ন বিভাগের তরফে ‘ব্যাড ডিমান্ড’ তৈরির কাজ শুরু হচ্ছে। অর্থাৎ যেসব সম্পত্তির বর্তমানে কোনও অস্তিত্ব নেই, অথচ পুরনো নথির ভিত্তিতে সেগুলির নামে বছর বছর কর মূল্যায়ন হয়ে চলেছে এবং তার উপর সুদ ও পেনাল্টি যুক্ত হয়ে অঙ্ক ক্রমশ বাড়ছে, সেগুলি চিহ্নিত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, কোনও বড় ভবন বা বাড়ির একাধিক অংশ ভেঙে নতুন ফ্ল্যাট বা আলাদা অংশ হিসেবে বিক্রি হয়ে গেছে এবং নতুন ক্রেতাদের নামে নতুন অ্যাসেসমেন্ট নম্বরও তৈরি হয়েছে; কিন্তু পুরনো বা ‘মাদার অ্যাসেসমেন্ট’ নম্বরটি বাতিল না হওয়ায় সেখানেও বকেয়া কর জমতে থেকেছে।
সম্প্রতি পুরনিগমের করের সুদ ও পেনাল্টিতে ছাড় দেওয়ার ‘ওয়েভার স্কিম’-এর অগ্রগতি খতিয়ে দেখতে একটি মূল্যায়ন বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন প্রশাসক স্মিতা পাণ্ডে। বৈঠকে বিপুল অনাদায়ী করের হিসাব শুনে তিনি আধিকারিকদের কাছে এর কারণ জানতে চান এবং সেখানেই এই বিষয়টি উঠে আসে। এরপরই ‘ব্যাড ডিমান্ড’ সম্পত্তি চিহ্নিত করে সংশ্লিষ্ট বিলগুলি বাতিল করার নির্দেশ দেন প্রশাসক। সেই নির্দেশ মেনেই কাজ শুরু করেছেন কর মূল্যায়ন বিভাগের আধিকারিক ও কর্মীরা। এই প্রক্রিয়া শেষ হলে খাতায়-কলমে জমে থাকা কয়েক হাজার কোটি টাকার বকেয়ার অঙ্ক অনেকটাই কমে যাবে এবং প্রকৃত অনাদায়ী করের ছবি পরিষ্কার হবে বলে মনে করছেন পুর আধিকারিকদের একাংশ।