‘ভোটের পর আসন চুরি!’ ডিলিমিটেশন বিল নিয়ে বিজেপিকে চরম আক্রমণ সিজেপি-র সৌরভ দাসের

প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের তীব্র বিরোধিতা করে শাসক দল বিজেপির বিরুদ্ধে চরম অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) কর্মী সৌরভ দাস। রবিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তাঁর দাবি, এই বিল পাশ হলে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে বিজেপি নিজেদের অনুকূলে নির্বাচনী মানচিত্র সাজিয়ে নেবে এবং এর ফলে ভোটে শাসক দলকে হারানো কঠিন হয়ে পড়বে। বিলের বিরুদ্ধে সংসদে সমস্ত রাজনৈতিক দলকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
জেরিম্যান্ডারিং বা রাজনৈতিক সুবিধার জন্য নির্বাচনী এলাকার সীমানা পরিবর্তনের আশঙ্কা প্রকাশ করে সৌরভ দাস বলেন, ডিলিমিটেশন কমিশনের ওপর সরকারের প্রভাব থাকতে পারে এবং কমিশনের সিদ্ধান্তকে বিচারবিভাগীয় তদন্তের বাইরে রাখার বিষয়টিতে উদ্বেগ রয়েছে। তাঁর কথায়, ভোটের পর এবার আসন পুনর্বিন্যাসের নামে মানুষের প্রতিনিধিত্ব ও নির্বাচনী ব্যবস্থার ভারসাম্য নষ্ট করার চেষ্টা চলছে। পাশাপাশি ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচির তথ্য, স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) এবং ‘এক দেশ, এক ভোট’-এর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, এসবের যোগসূত্রে গণতান্ত্রিক প্রতিযোগিতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
সাংসদদের দলবদল ও ঘোড়া কেনাবেচার অভিযোগ তুলে সৌরভ বলেন, বিলের পক্ষে সংখ্যা জোগাড় করতে চাপ বা প্রলোভনের রাজনীতি চলছে। তাঁর মতে, দেশের জনসংখ্যার বড় অংশ তরুণ হলেও সংসদে তরুণদের প্রতিনিধিত্ব অত্যন্ত কম। মহিলা সংরক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, ২০২৯ সাল পর্যন্ত অপেক্ষা না করে বর্তমান লোকসভাতেই তা কার্যকর করা উচিত; পাশাপাশি বেকারত্ব, পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষাক্ষেত্রের মতো বিষয়গুলোতেও সরকার ও বিরোধীদের নজর দেওয়ার দাবি জানান তিনি।