আসন বৃদ্ধিতে ৫০ শতাংশ ছাড়পত্র ও ২০১১-র জনগণনার অনুপাত বজায় রাখার আশ্বাস, কী জানালেন মুখ্যমন্ত্রী?

কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ বিলে অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় ক্যাবিনেটকে আন্তরিক ধন্যবাদ ও স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর মতে, এই সিদ্ধান্ত ২০২৯ সালের লোকসভা নির্বাচনে নারী শক্তি বন্দন আইন কার্যকর করার পথ খুলে দেবে, যার ফলে সংসদ এবং রাজ্য বিধানসভাগুলোতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে।

মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে নারী শক্তি বন্দন আইন ইতিমধ্যেই সংসদ থেকে পাস হয়েছে এবং এবার ডিলিমিটেশন বিলে ক্যাবিনেটের সবুজ সংকেত মেলায় সংসদ ও বিধানসভায় আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর পথ সুগম হবে। এই পদক্ষেপের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে যোগী জানান যে, ২০১১ সালের জনগণনাকে ভিত্তি করে রাজ্যগুলোর বর্তমান লোকসভা আসনের অনুপাত অপরিবর্তিত রাখা হবে এবং সেই অনুপাতেই আসন বাড়ানো হবে, ফলে কোনো রাজ্যের অংশীদারিত্বে প্রভাব পড়ার আশঙ্কা থাকবে না।

মহিলা সংরক্ষণ প্রাথমিক পর্যায়ে ১৫ বছরের জন্য চালু করার কথা উল্লেখ করে যোগী আদিত্যনাথ জানান, রোটেশন প্রক্রিয়া নির্বাচন কমিশনের মাধ্যমে সম্পন্ন হবে এবং দেশের অর্ধেক জনগোষ্ঠীকে সংসদ ও বিধানসভায় অন্তত ৩৩ শতাংশ প্রতিনিধিত্ব দেওয়ার এই উদ্যোগ ঐতিহাসিক ও স্বাগতযোগ্য। পাশাপাশি উত্তরপ্রদেশের ৮০ জন লোকসভা সাংসদের কাছে ডিলিমিটেশন বিলকে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০২৯ সালের লোকসভা ভোটে নারী সংরক্ষণ চালুর পথ তৈরি করতে সবার সহযোগিতা জরুরি, কারণ নারী শক্তির ক্ষমতায়নই সমৃদ্ধ, আত্মনির্ভর ও উন্নত ভারতের ভিত্তি।